রুশ প্রধানমন্ত্রীর কুরিল পরিদর্শনে জাপানের প্রতিবাদ
প্রশান্ত মহাসাগরের কুরিল দ্বীপপুঞ্জে রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভের সফরের প্রতিবাদ জানিয়েছে জাপান।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে রাশিয়ার অন্তুর্ভুক্ত দ্বীপগুলোর মালিকানা দাবি করে আসছে জাপান। বিষয়টির কোনো সুরাহা না হওয়ায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এ নিয়ে দুদেশের সম্পর্ক তিক্ত হয়ে আছে।
শনিবার মেদভেদেভ কুরিল দ্বীপপুঞ্জের ইতুরাপ দ্বীপ পরিদর্শনে যান। এর পরপরই জাপানে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ইভগেনি আফানাসিয়েভকে ফোন করে এ ঘটনার প্রতিবাদ জানান জাপানি পররাষ্ট্রমন্ত্রণালয়ের কর্মকর্তা হাজিমি হায়াশি।
এই প্রতিবাদের কারণে রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নে জাপানি প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের উদ্যোগ বিঘ্নিত হতে পারে। প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ রাশিয়ার সঙ্গে সম্পর্কের উন্নয়ন চান তিনি।
জ্বালানির প্রয়োজনীয়তা জাপানকে রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করেছে।
জাপানের হোক্কাইডো দ্বীপের উত্তরে অবস্থিত দ্বীপপুঞ্জটি রাশিয়ায় কুরিল নামে পরিচিত হলেও জাপানে তা উত্তরাঞ্চল হিসেবে চিহ্নিত।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে ওই সময় জাপানের অধিকারে থাকা দ্বীপপুঞ্জটির দখল নেয় রাশিয়া। এই দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে বিরোধের কারণে দেশ দুটি এ পর্যন্ত আনুষ্ঠানিক কোনো শান্তিচুক্তিতে সইও করেনি।
জাপানের বাণিজ্য সংক্রান্ত দৈনিক নিক্কি জানিয়েছে, অগাস্টের শেষ দিকে জাপানি পররাষ্ট্রমন্ত্রী ফুমিও কিশিদার রাশিয়া যাওয়ার কথা থাকলেও তিনি বিলম্বে যাবেন। তবে কেন বিলম্ব করবেন, তা কি কুরিলে মেদভেদেভের সফরের প্রতিবাদে কিনা তা নির্দিষ্ট করে জানায়নি দৈনিকটি।
