কলম্বিয়া সীমান্তে ভেনেজুয়েলার জরুরি অবস্থা জারি
চোরাচালানিদের সঙ্গে সংঘর্ষে তিন সেনা আহত হওয়ার পর কলম্বিয়া সীমান্তের বেশ কিছু অংশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।
ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য শুক্রবার এ আদেশ জারি করেছেন তিনি।
এই আদেশের বলে আগামী ৬০ দিন ভেনেজুয়েলার তাচিরা রাজ্যের পাঁচটি পৌরসভায় জরুরি অবস্থা বজায় থাকবে।
হ্রাসকৃত মূল্যের খাদ্যসামগ্রী ও গ্যাসোলিনের চোরাচালানিরা এ পৌরসভাগুলিতে ক্রমবর্ধমানভাবে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ছে।
রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক অনুষ্ঠানে দেওয়া ভাষণে মাদুরো বলেন, “এই ডিক্রির মাধ্যমে বেসামরিক ও সামরিক কর্তৃপক্ষ শান্তি প্রতিষ্ঠায় পর্যাপ্ত ক্ষমতা পাবে।”
এই ডিক্রির বলে শুধু মৌলিক মানবাধিকার ছাড়া ওই এলাকার নাগরিকদের জন্য প্রতিশ্রুত সব ধরনের সাংবিধানিক অধিকার স্থগিত করা হয়েছে।
গোলাগুলিতে তিন সেনা আহত হওয়ার পর বুধবার কলম্বিয়ার সঙ্গে সড়ক যোগাযোগের তিনটি সীমান্ত ক্রসিং বন্ধের নির্দেশ দেন মাদুরো। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এগুলো বন্ধ থাকবে বলে ঘোষণা করেছেন তিনি।
তিনি জানান, সীমান্তের ওই এলাকায় মোতায়েন ৫০০ সেনার সঙ্গে যোগ দেওয়ার জন্য আরো দেড় হাজার সেনা শুক্রবার সেখানে গিয়েছেন।
ভেনেজুয়েলা ও কলম্বিয়ার মধ্যে দুই হাজার ২১৯ কিলোমিটার সীমান্ত আছে। চোরাচালানি ও সশস্ত্র গোষ্ঠীগুলো প্রায়ই অবৈধভাবে এই সীমান্ত অতিক্রম করে থাকে।
