২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রিক বেইলআউট চুক্তিতে জার্মান এমপি’দের সমর্থন

ব্যাপক বিরোধিতার মুখেও গ্রিসের জন্য তৃতীয় বেইলআউট চুক্তির পক্ষে ভোট দিয়েছেন জার্মানির এমপি’রা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2015, 08:26 PM

Updated : 25 Apr 2022, 01:45 PM

পার্লামেন্টের মোট ৪৫৩ সদস্য বেইলআউটের পক্ষে ভোট দিয়েছে। আর বিপক্ষে ভোট দিয়েছে ১১৩ জন। ১৮ জন ভোটদানে বিরত ছিল।

জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মের্কেলের মধ্য-ডান কনজারভেটিভ ব্লক বেইলআউট চুক্তিটি নিয়ে বিভক্ত ছিল।

পার্লামেন্টে ভোটের আগে প্রায় ৬০ জন এমপি গ্রিসের জন্য এ অর্থনীতি পুনরুদ্ধার সহায়তা চুক্তির বিপক্ষে ভোট দেয়ার আভাস দিয়েছিলেন। ৪৭ জন এমপি পার্লামেন্ট অধিবেশনেই যোগ দেননি।

বিবিসি সংবাদদাতারা বলছেন, চুক্তির সমর্থনে ভোট দেয়া বেশিরভাগ এমপিই কনজারভেটিভ বলে মনে করা হচ্ছে। যারা মের্কেলকে অগ্রাহ্য না করার চিন্তা-ভাবনা থেকে চুক্তিতে ভোট দিয়েছেন।

গত মাসে মের্কেলের দল সিডিইউ ও এর শরিক দল সিএসইউ গ্রিসের জন্য তৃতীয় বেইলআউট চুক্তি নিয়ে আলোচনাও সমর্থন করেনি।

কিন্তু গ্রিসের বামপন্থি সিরিজা সরকারের কট্টর সমালোচক হওয়ার পরও জার্মানির অর্থমন্ত্রী গ্রিসকে নতুন করে যাত্রা শুরুর সুযোগ করে দিতে এমপি দেরকে বেইলআউট তহবিলের পক্ষে ভোট দেয়ার আহ্বান জানান।