২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজাপাকসের ক্ষমতায় ফেরার স্বপ্নভঙ্গ

শ্রীলঙ্কার পার্লামেন্ট নির্বাচনে জয়ী হয়েছে বর্তমান প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহের দল ‘ইউনাইটেড ন্যাশনাল পার্টি’(ইউএনপি)।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2015, 09:20 PM

Updated : 25 Apr 2022, 01:44 PM

মঙ্গলবার ভোটের চূড়ান্ত ফলে দেখা গেছে, ইউএনপি’ই বেশিরভাগ আসন জিতে একটি স্থিতিশীল সরকার প্রতিষ্ঠার সক্ষমতা অর্জন করেছে। এর মধ্য দিয়ে ক্ষমতায় ফেরার স্বপ্নভঙ্গ হয়েছে সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের।

২২৫-সদস্যের পার্লামেন্টে ইউএনপি পেয়েছে ১০৬ আসন। শরিক দলগুলোকে সঙ্গে নিয়ে জোট সরকার গঠনের জন্য পর্যাপ্ত  আসন পেয়ে গেছে দলটি। অন্যদিকে, রাজাপাকসের দল ‘ইউনাইটেড পিপল ফ্রিডম এলায়েন্স’ (ইউপিএফএ) পেয়েছে ৯৫ আসন।

প্রধানমন্ত্রী বিক্রমসিংহ বলেছেন,“বেশিরভাগ মানুষই ৮ জানুয়ারির বিপ্লবের অর্জনকে অক্ষুন্ন রাখতে ভোট দিয়েছে। আর তাই এখন জয় কিংবা পরাজয় নিয়ে ভেদাভেদির আর কোনো প্রয়োজন নেই।  দেশের রাজনীতিতে নতুন অধ্যায় রচনা করতে এখন আমাদেরকে একতাবদ্ধ হতে হবে।”

জানুয়ারির নির্বাচনে রাজাপাকসে তার সাবেক স্বাস্থ্যমন্ত্রী মাইথ্রিপালা সিরিসেনার কাছে হেরে যান। এবারের নির্বাচনে ইউপিএফএ’র প্রার্থী হিসাবে দাঁড়িয়েছিলেন তিনি। আশা ছিল, প্রধানমন্ত্রী হওয়ার জন্য প্রেসিডেন্ট সিরিসেনাকে বাধ্য করার মতো যথেষ্ট ভোট তিনি পাবেন।

কিন্তু ভোটের ফলে ইউএনপি’র জয়ে এটিই প্রতীয়মান হচ্ছে যে, দলটি এখন সিরিসেনার শরিকদের সমর্থন নিয়ে জাতীয় ঐক্য সরকার গঠন করতে পারবে।