২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বশান্তির জন্য মধ্যপ্রাচ্যের সঙ্গে কাজ করবে ইরান

ছয় বিশ্বশক্তির সঙ্গে গত মাসে ঐতিহাসিক পারমাণবিক চুক্তি সইয়ের পর বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য মধ্যপ্রাচ্যের প্রতিপক্ষ দেশগুলোর সঙ্গেও কাজ করে যেতে প্রস্তুত বলে ঘোষণা করেছে ইরান।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2015, 07:43 PM

Updated : 25 Apr 2022, 01:44 PM

ইরানের ভাইস প্রেসিডেন্ট মাসুমেহ এবতেকার মঙ্গলবার বিবিসি’কে বলেন, তেহরানের নিজেদেরকে সুরক্ষার অধিকার আছে। অঞ্চলে আধিপত্য বিস্তারের কোনো অভিপ্রায় তাদের নেই।

প্রতিবেশী দেশগুলোর আস্থা পুনরুদ্ধার করে আঞ্চলিক উগ্র দলগুলোকে মোকাবেলা করতে তাদেরকে সহযোগিতা করার আশা প্রকাশ করেছেন এবতেকার।

মধ্যপ্রাচ্যে অস্থিরতা বেড়ে যাওয়ার জন্য ইরানকে দীর্ঘদিন ধরেই দোষারোপ করে আসা হচ্ছে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ এবং লেবাননের জঙ্গি গ্রুপ হিজবুল্লাহকে সহায়তা করা এমনকি ইয়েমেনের বিদ্রোহী জাইদি শিয়া হুতি মুভমেন্টকে অবৈধভাবে সমর্থন দিয়ে যাওয়ার অভিযোগ আছে ইরানের বিরুদ্ধে।

এবতেকার বলেন, “সাম্প্রতিক যে চুক্তিতে ইরান নিষেধাজ্ঞা উঠে যাওয়ার বিনিময়ে তাদের পারমাণবিক কর্মসূচি সীমিত করে আনতে রাজি হয়েছে সেটি গোটা বিশ্বের জন্যই ‘একধাপ অগ্রগামী’ পদক্ষেপ।”

“এর মানে হচ্ছে, ইরান ভিন্ন ভিন্ন দিক থেকে বাণিজ্য ও সংস্কৃতির আদান-প্রদানের মধ্য দিয়ে বিশ্বের সঙ্গে কাজ করার নতুন যুগ শুরু করেছে। তার মানে বিশ্বের একটি অংশে ইরানের ভূমিকা আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।”

তবে তিনি বলেন, ইরান শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় তার প্রভাবও খাটাতে চায়।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক রক্ষা করা এবং আস্থা ফিরিয়ে আনার লক্ষ্য নিয়ে আঞ্চলিক সফরে বের হয়েছে বলেও জানান এবতেকার। এ প্রক্রিয়ায় ইরান সফল হবে এবং উগ্রবাদীদের রুখে দাঁড়াতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন।