চীনের বিস্ফোরণে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবি
চীনের তিয়ানজিনে বড় ধরনের বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত শত শত অধিবাসী ক্ষতিপূরণের দাবি করেছেন।
গত বুধবার রাতে বিপজ্জনক রাসায়নিকের ভান্ডারে ওই বিস্ফোরণে বহু মানুষ বাস্তুচ্যুত হয়েছে। বিস্ফোরণস্থলটি পরিষ্কার পরিচ্ছন্ন করার অভিযান চলার মাঝেই ক্ষতিগ্রস্তরা এ দাবি তুলল।
ভয়াবহ ঐ বিস্ফোরণে এখনো পর্যন্ত ১১৪ জনের মৃত্যুর খবর জানা গেছে। ৭০ জনে মতো এখনো নিখোঁজ রয়েছে। আহত ৭০০ জন হাসপাতালে রয়েছেন। সোমবার ওই স্থানটিতে আরো একটি বিস্ফোরণ ঘটেছে।
তিয়ানজিনের উপ-মেয়র হি সুসান ঘটনাস্থলে প্রায় ৭শ’ টন মারাত্মক সোডিয়াম সায়ানায়েড থাকার কথা নিশ্চিত করেছেন।
বিস্ফোরণের ঘটনার পর তিয়ানজিন শহরের একটি হোটেলে কর্মকর্তাদের এক সংবাদ সম্মেলন চলার সময় হোটেলের বাইরে জড়ো হয়ে ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ করে প্রায় ২শ’ বিক্ষোভকারী।
সরকারের কাছে নিজেদের বাড়িঘর ফেরত চায় তারা। পুলিশ বিক্ষোভকারীদেরকে হোটেলে প্রবেশে বাধা দেয়।তবে সংঘর্ষের কোনো ঘটনা ঘটেনি।
