২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইএসআইয়ের সাবেক প্রধান হামিদ গুল মারা গেছেন

পাকিস্তানের প্রভাবশালী সামরিক গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) সাবেক প্রধান হামিদ গুল ৭৯ বছর বয়সে মারা গেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2015, 01:35 PM

Updated : 25 Apr 2022, 01:44 PM

যুক্তরাষ্ট্র ও ভারতের বিরুদ্ধে তার কট্টরপন্থী ইসলামিক দৃষ্টিভঙ্গীর জন্য পরিচিত জেনারেল গুল ১৯৮৭ সাল থেকে ১৯৮৯ পর্যন্ত আইএসআই-র প্রধান হিসেবে দায়িত্বপালন করেছেন, জানিয়েছে বিবিসি। 
 
গুল ছিলেন তার প্রজন্মের পাকিস্তানি সামরিক নেতাদের মধ্য অন্যতম বাগ্মি কর্মকর্তা।
 
শনিবার রাজধানী ইসলামাবাদের উত্তরপূর্বের মুরি শহরে মস্তিষ্কে রক্তক্ষরণে অবসরপ্রাপ্ত এ জেনারেলের মৃত্যু হয়।
 
তিনি আফগানিস্তানে ও ভারতীয় কাশ্মিরে সশস্ত্র বিদ্রোহী লড়াইয়ের সমর্থক ছিলেন। সমালোচকরা তাকে ষড়যন্ত্র বাস্তবায়নে গুজব ছড়ানোর বিশারদ বলে মনে করতেন। কিন্তু সমর্থকরা তাকে সত্যিকার দেশপ্রেমিক ও খাঁটি মুসলমান বলে বলে করেন। 
 
১৯৯২ সালে সামরিক বাহিনী থেকে অবসর নেওয়ার পর পাকিস্তানে অস্থিরতা সৃষ্টির জন্য যুক্তরাষ্ট্র ও ভারতকে প্রকাশ্যে দায়ি করে বিবৃতি দেওয়ার মাধ্যমে তিনি প্রায়ই বিশ্ব গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করতেন। 
 
প্রায়ই তাকে জঙ্গিনেতাদের সঙ্গে তাল মিলিয়ে চলা পাকিস্তান সেনাবাহিনীর কট্টরপন্থী ইসলামি কর্মকর্তা হিসেবে বিবেচনা করা হতো। 
 
এক সময়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ-র ঘনিষ্ঠ মিত্র এই সেনা কর্মকর্তা টুইন টাওয়ার হামলার (১১ সেপ্টেম্বর, ২০০১) পর প্রবল যুক্তরাষ্ট্র বিরোধীতে পরিণত হন।  
 
২০১০ সালে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে জেনারেল গুল বলেছিলেন, “আমেরিকা ইতিহাস, কারজাই ইতিহাস, তালেবানরা ভবিষ্যৎ।”