ভূমধ্যসাগরে ৪০ অভিবাসীর মৃত্যু: ইতালীয় নৌবাহিনী
অন্তত ৪০ জন ইউরোপ গমনেচ্ছু অভিবাসী ভূমধ্যসাগরে একটি মাছ ধরার নৌকার খোলে প্রবেশ করা পানির মধ্যে আটকা পড়ে দমবন্ধ হয়ে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।
শনিবার ইতালীয় নৌবাহিনীর বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন এ খবর জানিয়েছে।
উদ্ধারকাজ পরিচালনাকারী ইতালীয় নৌবাহিনীর জাহাজের ক্যাপ্টেন রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেছেন, নৌকাটির খোলের ভিতরে পানি ঢুকে যাওয়ার পর জ্বালানি থেকে বের হওয়া গ্যাসে দমবন্ধ হয়ে তারা মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।
উদ্ধারকারী জাহাজ থেকে দেওয়া বক্তব্যে কমান্ডার মাসিমো তোজ্জি জানিয়েছেন, যখন তার লোকেরা অভিবাসীবাহী ওই নৌকাটিতে উঠেছে, তারা নৌকার খোলের ভিতরে মৃতদের ‘পানি, তেল ও মানুষের বমির মধ্যে ডুবে’ থাকতে দেখেছে।
ইতালিতে আগত অভিবাসীরা জানিয়েছেন, লিবিয়া-ভিত্তিক মানব পাচারকারীরা নৌকার ডেকে জায়গা দেওয়ার বিনিময়ে তাদের কাছ থেকে এক হাজার দুইশ ডলার থেকে এক হাজার আটশ ডলার আদায় করেছে, আর যারা নৌকার খোলে করে এসেছে তাদের এর অর্ধেক টাকা দিতে হয়েছে।
ইতালীয় উদ্ধার অভিযানের প্রধান অ্যাডমিরাল পিয়ারপাওলো লিবুফো ইতালীয় টেলিভিশনকে জানিয়েছেন, নৌকাটির ৩১২ জন জীবিত যাত্রীকে তাদের জাহাজে উঠিয়ে নেওয়া হয়েছে, এদের মধ্যে ৪৫ জন নারী ও তিনটি শিশু রয়েছে।
তিনি আরও জানান, নিহতদের মধ্যে সাতজনের লাশ নৌবাহিনীর জাহাজটিতে তোলা হয়েছে, বাকি ৩০টির মতো লাশ এখনও নৌকার খোলের মধ্যে রয়েছে।
অভিবাসীবাহী মাছ ধরার নৌকাটি ভূমধ্যসাগরীয় ইতালীয় দ্বীপ ল্যাম্পেডুসার দিকে যাচ্ছিল বলে জানিয়েছেন তিনি।
নৌবাহিনীর দেওয়া ভিডিওতে দেখা গেছে, কাঠের তৈরি নীল রংয়ের অভিবাসীবাহী নৌকাটি ২০ মিটারের মতো লম্বা এবং উদ্ধারকাজ শুরু হওয়ার সময়ও পানির উপর ভেসে রয়েছে।
