২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের ত্রাণকর্মীকে ‘ধর্ষণ’ করেছিলেন আইএস নেতা বাগদাদি

ফেব্রুয়ারিতে সিরিয়ায় নিহত মার্কিন ত্রাণকর্মী কাইলা মুলার ইসলামিক স্টেটের (আইএস) কাছে জিম্মি থাকা অবস্থায় তাকে ‘ধর্ষণ’ করেছেন গোষ্ঠীটির শীর্ষ নেতা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2015, 11:54 AM

Updated : 25 Apr 2022, 01:44 PM

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এবিসি নিউজকে এ কথা বলেছেন বলে শুক্রবার রাতে জানিয়েছে বিবিসি।

তারা বলেছেন, ২৬ বছর বয়সী মুলারকে উপর্যুপরি ধর্ষণ করেছেন আবু বকর আল-বাগদাদি।

জুনে যুক্তরাষ্ট্রের কাউন্টার টেরোরিজম কর্মকর্তারা নিহত মুলারের পরিবারকে তার শারীরিকভাবে লাঞ্ছিত হওয়া কথা জানিয়েছিলেন।

২০১৩ সালে সিরিয়ার আলেপ্পোয় ত্রাণকাজে নিয়োজিত থাকা অবস্থায় অপহৃত হন মুলার। আইএসের দাবি, জর্দানি বিমান হামলায় মুলার নিহত হয়েছেন। কিন্তু তার মৃত্যুর জন্য আইএসকেই দায়ী করেছে যুক্তরাষ্ট্র।

এবিসি নিউজকে মুলারের পিতা কার্ল ও মা মার্শা বলেছেন, “বাগদাদির সম্পত্তি হিসেবে কাইলাকে অত্যাচার করা হয়েছে বলে আমাদের জানানো হয়েছে। জুনে সরকারের পক্ষ থেকে বিষয়টি আমাদের জানানো হয়।”

বাগদাদি নিজে এই মার্কিন ত্রাণকর্মীকে আইএসের আরেকজন জ্যেষ্ঠ নেতা আবু সায়াফের বাড়িতে নিয়ে রাখেন বলে মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে এবিসি নিউজ।

বাগদাদি নিয়মিত সায়াফের বাড়িতে এসে মুলারকে উপুর্যপরি ধর্ষণ করতেন বলে জানিয়েছে এবিসি।

মে মাসে মার্কিন বিশেষ বাহিনীর অভিযানে আইএসের তেল ও গ্যাস বিষয়ের দায়িত্বে থাকা সায়াফ নিহত হন।

সায়াফের বাড়িতে চালানো ওই অভিযানে বাড়িটি থেকে যৌনদাসী হিসেবে ব্যবহার করা জিম্মি দুজন ইয়াজিদি কিশোরীকে উদ্ধার করেন বিশেষ বাহিনীর সদস্যরা। ওই দুই ইয়াজিদি কিশোরী মুলারকে ধর্ষণের তথ্য প্রকাশ করেন।

আবু বকর বাগদাদি মুলারকে ‘স্ত্রী’ হিসেবে গ্রহণ করেছিলেন বলে জানা যায়।

মুলার কিছু সময়ের জন্য সায়াফ ও তার স্ত্রী উম্মে সায়াফের অধীনে বন্দি ছিলেন বলে জানা যায়।

মে মাসের অভিযানের সময় উম্মে সায়াফকে আটক করে মার্কিন বাহিনী।

যুক্তরাষ্ট্রের জিজ্ঞাসাবাদে উম্মে সায়াফ বেশ কয়েকজন আইএস নেতা ও তারা কোথায় থাকেন সে সম্পর্কে ‘বিস্তারিত তথ্য প্রকাশ’ করেন বলে যুক্তরাষ্ট্রের কাউন্টার টেরোরিজম কর্মকর্তারা এবিসিকে জানিয়েছেন।

গেল সপ্তাহে উম্মে সায়াফকে বিচারের মুখোমুখি করার জন্য কুর্দি কর্তৃপক্ষের হাতে হস্তান্তর করা হয়।

এবিসিকে দেওয়া যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের এই তথ্যগুলো জিম্মি থাকা অবস্থায় মুলারের সঙ্গে ‘ভালো ব্যবহার করা হয়েছে’ আগের এমন ধারণাকে বাতিল করে দেয়। জিম্মি থাকা অবস্থায় গোপনে নিজ পরিবারের কাছে লেখা এক চিঠিতে মুলার জানিয়েছিলেন, তার সঙ্গে ভাল ব্যবহার করা হচ্ছে।

“দারুন সম্মান ও দয়া” দেখানো হচ্ছে বলে চিঠিতে নিজ পরিবারকে আশ্বস্ত করেছিলেন মুলার।

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের এই মানবিক ত্রাণকর্মী সিরীয় শরণার্থীদের মাঝে কাজ করার জন্য ২০১২ সালে সিরিয়া-তুর্কি সীমান্তে এসেছিলেন।