২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৮৫

চীনের উত্তরাঞ্চলীয় বন্দর শহর তিয়ানজিনে বড় ধরনের বিস্ফোরণের নিহতের সংখ্যা বেড়ে ৮৫ জনে দাঁড়িয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 15 Aug 2015, 10:13 AM

Updated : 12 Oct 2022, 04:09 PM

বুধবারের ওই বিস্ফোরণে আহতের সংখ্যা ৭২০ পেরিয়ে গেছে।

দেড়কোটি জনসংখ্যার এই শহরটিতে কয়েক কিলোমিটার দূর থেকেও অধিবাসীরা বিস্ফোরণের ফলে সৃষ্ট কম্পন টের পেয়েছেন।

শুক্রবার উদ্ধারকারীদল ধ্বংসস্তুপের মধ্য থেকে একজন জীবিতকে খুঁজে পেয়েছে। বিস্ফোরণের ৩২ ঘন্টা পর ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়।

নিহতদের মধ্যে আছে ২১ জন দমকলকর্মী। বহু দমকলকর্মী এখনো নিখোঁজ।

তিয়ানজিনের দমকল বিভাগের প্রধান ঝোউ তিয়ান সাংবাদিকদের বলেন,  ১৪০ টি ফায়ার ইঞ্জিন নিয়ে ১ হাজারেরও বেশি দমকলকর্মী শুক্রবারও বিস্ফোরণস্থলের আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তিয়ানজিন পোর্ট গ্রুপ কোম্পানি বলেছে, তাদের ডজনখানেক কর্মীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

রুইহাই লজিস্টিকস কোম্পানির ওয়েবসাইটে বলা হয়েছে, তাদের পন্যের মধ্যে আছে বিভিন্ন বিষাক্ত রাসায়নিকসহ কমপ্রেসড গ্যাস এবং দাহ্য তরলও। এগুলো পানির সংস্পর্শে আসলে মারাত্মক বিস্ফোরণ ঘটতে পারে।

Image
রাসায়নিক প্রতিরোধক পোশাক পরিহিত উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে দায়িত্ব পালন করছেন। ছবি: রয়টার্স

রাসায়নিক প্রতিরোধক পোশাক পরিহিত উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে দায়িত্ব পালন করছেন। ছবি: রয়টার্স

Image
বিস্ফোরণের ফলে পুড়ে গেছে শত শত গাড়ি। ছবি: রয়টার্স

বিস্ফোরণের ফলে পুড়ে গেছে শত শত গাড়ি। ছবি: রয়টার্স

বিস্ফোরণের সময় কোম্পানিটির অয়্যারহাউজে কি কি ছিল এবং কি কারণে বিস্ফোরণ ঘটল তা এখনো জানা সম্ভব হয়নি বলে শুত্রবার জানিয়েছন নগরীর কর্মকর্তারা।

সামরিক বাহিনীর রাসায়নিক বিশেষজ্ঞরা বিস্ফোরণস্থলে বিষাক্ত গ্যাসের মাত্রা পরীক্ষা করে দেখছেন এবং উদ্ধারকারীদেরকে সুরক্ষিত পোশক পরতে বলা হয়েছে।

বিবিসি’র এক সংবাদদাতা বলেছেন, একবার আগুন নিয়ন্ত্রণে এসে গেলে তখন রাসায়নিকের পাত্রগুলো একটি নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে পরীক্ষা করে দেখা যাবে।

পরিবেশের ওপর এ শিল্পদুর্ঘটনার ক্ষতিকর প্রভাব নিয়ে এরই মধ্যে উদ্বিগ্ন হয়ে পড়েছে তিয়ানজিনের বাসিন্দারা।

তিয়ানজিনের পরিবেশ সুরক্ষা ব্যুরোর প্রধান জানিয়েছেন, এলাকাটিতে দূষণের মাত্রা পর্যবেক্ষণ করে দেখা হচ্ছে। তবে দূষণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে দাবি করেছেন অন্যান্য কর্মকর্তারা।

ধ্বংস হয়ে যাওয়া বাড়িঘর থেকে এখনো উড়ছে ধোঁয়া। জরুরি সেবাকর্মীরা বিস্ফোরণস্থলে মজুদ থাকা ৭শ’ টন সোডিয়াম সায়ানাইড সরানোর চেষ্টা করছে। এলাকাটিতে বিভিন্ন ধরনের রাসায়নিক মিশে জটিল আকার ধারণ করায় উদ্ধারতৎপরতা ধীরগতি হয়ে পড়তে পারে বলে জানিয়েছেন স্থানীয় দমকল প্রধান।

তিয়ানজিনের দমকল বাহিনী প্রধান ঝোউ তিয়ান বলেছেন, বিভিন্ন ধরনের উপাদান মিশে যাওয়ায় ঘটনাস্থলে যে কোনো সময় রাসায়নিক বিক্রিয়া কিংবা বিস্ফোরণ ঘটার আশঙ্কা আছে।