কিউবায় মার্কিন দূতাবাস চালু করলেন জন কেরি
৫৪ বছরেরও বেশি সময় পর যুক্তরাষ্ট্রের দূতাবাস নতুন করে চালু হল কিউবায়।
৭০ বছরের মধ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি শুক্রবার প্রথম কিউবা সফরে গিয়ে দূতাবাস ভবনে যুক্তরাষ্ট্রের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এটি পুনরায় চালু করলেন।
কেরির উপস্থিতিতে দূতাবাস ভবনে পতাকা ওড়ান যুক্তরাষ্ট্রের মেরিন সদস্যরা। ১৯৬১ সালে নামিয়ে ফেলা হয়েছিল এ পতাকা। সেইসময়কার তিন মেরিন সদস্যও এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এ প্রতীকী পদক্ষেপ দুই দেশের মধ্যে উষ্ণ সম্পর্কেরই ইঙ্গিত দিচ্ছে। কেরি পতাকা উত্তোলনকে এক ‘ঐতিহাসিক মূহূর্ত’ বলে বর্ণনা করেছেন।
তবে তিনি সতর্ক করে দিয়ে এও বলেছেন যে, যুক্তরাষ্ট্র কিউবাকে রাজনৈতিক পরিবর্তনের জন্য চাপ দেয়া বন্ধ করবে না।
যুক্তরাষ্ট্র ও কিউবার মধ্যে নতুন করে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৪ সপ্তাহ পর দূতাবাস চালুর এ উদ্যোগ নিল ওয়াশিংটন।
কিউবা গতমাসেই ওয়াশিংটনে তাদের দূতাবাস চালু করেছে। গত ২০ জুলাইয়ে ওয়াশিংটনের কিউবা দূতাবাসে পতাকা উত্তোলনের পর আনন্দ উদযাপন করে কিউবাবাসীরা। ওদিকে, কেরি হাভানায় গিয়ে দূতাবাস চালু করবেন এজন্য মার্কিনীরা এতদিন অপেক্ষায় ছিল।
কিউবার নেতা রাউল ক্যাস্ট্রো এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা গত বছর ডিসেম্বরে কিউবার সঙ্গে সম্পর্ক পুনর্প্রতিষ্ঠায় রাজি হন।
