২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনের বিস্ফোরণস্থলে এখনো জ্বলছে আগুন, মৃত ৫৬

চীনের উত্তরাঞ্চলীয় বন্দর শহর তিয়ানজিনে বড় ধরনের বিস্ফোরণের ৩৬ ঘন্টা পরও জ্বলছে আগুন। নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬ জনে।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2015, 05:46 PM

Updated : 25 Apr 2022, 01:43 PM

আহতের সংখ্যা ৭২০ পেরিয়ে গেছে। এদের মধ্যে ২৫ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে বিবিসি।

শুক্রবার উদ্ধারকারীদল ধ্বংসস্তুপের মধ্য থেকে একজন জীবিতকে খুঁজে পেয়েছে। বিস্ফোরণের ৩২ ঘন্টা পর ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়।

নিহতদের মধ্যে আছে ২১ জন দমকলকর্মী। বহু দমকলকর্মী এখনে নিখোঁজ।

তিয়ানজিনের দমকল বিভাগের প্রধান ঝোউ তিয়ান সাংবাদিকদের বলেন,  ১৪০ টি ফায়ার ইঞ্জিন নিয়ে ১ হাজারেরও বেশি দমকলকর্মী শুক্রবারও বিস্ফোরণস্থলের আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তিয়ানজিন পোর্ট গ্রুপ কোম্পানি বলেছে, তাদের ডজনখানেক কর্মীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

রুইহাই লজিস্টিকস কোম্পানির ওয়েবসাইটে বলা হয়েছে, তাদের পন্যের মধ্যে আছে বিভিন্ন বিষাক্ত রাসায়নিকসহ কমপ্রেসড গ্যাস এবং দাহ্য তরলও। এগুলো পানির সংস্পর্শে আসলে মারাত্মক বিস্ফোরণ ঘটতে পারে।

বিস্ফোরণের সময় কোম্পানিটির অয়্যারহাউজে কি কি ছিল এবং কি কারণে বিস্ফোরণ ঘটল তা এখনো জানা সম্ভব হয়নি বলে শুত্রবার জানিয়েছন নগরীর কর্মকর্তারা।

সামরিক বাহিনীর রাসায়নিক বিশেষজ্ঞরা বিস্ফোরণস্থলে বিষাক্ত গ্যাসের মাত্রা পরীক্ষা করে দেখছেন এবং উদ্ধারকারীদেরকে সুরক্ষিত পোশক পরতে বলা হয়েছে।

বিবিসি’র এক সংবাদদাতা বলেছেন, একবার আগুন নিয়ন্ত্রণে এসে গেলে তখন রাসায়নিকের পাত্রগুলো একটি নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে পরীক্ষা করে দেখা যাবে।

পরিবেশের ওপর এ শিল্পদুর্ঘটনার ক্ষতিকর প্রভাব নিয়ে এরই মধ্যে উদ্বিগ্ন হয়ে পড়েছে তিয়ানজিনের বাসিন্দারা।

তিয়ানজিনের পরিবেশ সুরক্ষা ব্যুরোর প্রধান জানিয়েছেন, এলাকাটিতে দূষণের মাত্রা পর্যবেক্ষণ করে দেখা হচ্ছে। তবে দূষণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে দাবি করেছেন অন্যান্য কর্মকর্তারা।

ধ্বংস হয়ে যাওয়া বাড়িঘর থেকে এখনো উড়ছে ধোঁয়া। জরুরি সেবা কর্মীরা বিস্ফোরণস্থলে মজুদ থাকা ৭শ’ টন সোডিয়াম সায়ানাইড সরানোর চেষ্টা করছে। এলাকাটিতে বিভিন্ন ধরনের রাসায়নিক মিশে জটিল আকার ধারণ করায় উদ্ধারতৎপরতা ধীরগতি হয়ে পড়তে পারে বলে জানিয়েছেন স্থানীয় দমকল প্রধান।

তিয়ানজিনের দমকল বাহিনী প্রধান ঝোউ তিয়ান বলেছেন, বিভিন্ন ধরনের উপাদান মিশে যাওয়ায় ঘটনাস্থলে যে কোনো সময় রাসায়নিক বিক্রিয়া কিংবা বিস্ফোরণ ঘটার আশঙ্কা আছে।

পুরনো খবর:

চীনে বড় ধরনের বিস্ফোরণে নিহত ৫০