চীনের ভয়ঙ্কর সেই বিস্ফোরণের ভিডিও
চীনের বন্দর শহর তিয়ানজিনে রাসায়নিকের গুদামে ভয়ঙ্কর জোড়া বিস্ফোরণের দৃশ্য মোবাইল ফোনে ধারণ করেছেন একজন প্রত্যক্ষদর্শী।
ড্যান ভ্যান ডুরেন নামের এক মার্কিন নাগরিকের ধারণ করা ওই ভিডিও প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
বুধবার গভীর রাতে ওই বিস্ফোরণে ঘটনায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন সাতশরও বেশি মানুষ।
আরও কয়েকজনের সঙ্গে ডুরেন ৩৩ তলা একটি ভবনের উপরে উঠেছিলেন উল্কাপাত দেখতে। কিন্তু শেষ পর্যন্ত তিনি যা দেখেছেন, তার ভাষায় তা, “নিজের চোখে নিউক্লিয়ার বোমার বিস্ফোরণ দেখার মত।”
ওই বিস্ফোরণের ধাক্কায় আশেপাশের বহু ঘরবাড়ি বিধ্বস্ত হয়। বন্দরে খালাসের পর রাখা কয়েক হাজার নতুন গাড়ি পুড়ে কয়লা হয়ে যায়। টার্মিনাল থেকে পণ্যবোঝাই কনটেইনার ম্যাচ বাক্সের মত ছিটকে পড়ে দূরে।
চোখের সামনে এক কিলোমিটারের মত দূরে বন্দরের কাছে হঠাৎ বিস্ফোরণ ও আগুন জ্বলে উঠতে দেখার পর ড্যান ভ্যান ডুরেন ও তার বান্ধবীর কণ্ঠে ছিল বিস্ময়ধ্বনি। কি হচ্ছে বুঝতে না পেরে হাসছিলেন তারা।
কিন্তু আগুনের লেলিহান শিখা আকাশের দিকে ছুটতে দেখে বান্ধবী জানতে চান, তাদের বিপদ হতে পারে কি না। ভিডিওতে ডুরেনকে বলতে শোনা যায়, “ইয়াহহ..।”
এর ঠিক পরপরই দ্বিতীয় বিস্ফোরণে তাদের চোখের সামনে ফেটে পড়ে রাতের আকাশ। ডুরেন ও তার বান্ধবীর কণ্ঠে তখন আতঙ্ক।
এরপর দেরি না করে সিঁড়ি বেয়ে ওই ৩৩ তলা ভবন থেকে বেরিয়ে আসেন বলে ইউটিউবে জানিয়েছেন ডুরেন।
ওই বিস্ফোরণ এতোটাই ভয়াবহ ছিল যে মহাকাশে ঘুরতে থাকা কৃত্রিম উপগ্রহ থেকেও তা দেখা গেছে। কয়েক কিলোমিটার দূরের আবাসিক এলাকা থেকে দেখে মনে হয়েছে, বিস্ফোরণের পর আকাশের দিকে ছুটে যাচ্ছে আগুনের গোলা।
বিস্ফোরণে পুরো এলাকা যেভাবে কেঁপে উঠেছিল, তা রেকর্ড হয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ দপ্তরের সিসমোগ্রাফেও।
চীনের ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টারের তথ্য অনুযায়ী, প্রথম বিস্ফোরণের মাত্রা ছিল তিন টন টিএনটি (ট্রাই নাইট্রো টলুইন) বিস্ফোরকের সমতুল্য ছিল। আর তার ৩০ সেকেন্ডের মাথায় দ্বিতীয় যে বিস্ফোরণটি ঘটে, তা ছিল ২১ টন টিএনটির সমতুল্য।
ঘটনাস্থলে দুটি স্থানে বৃহস্পতিবার রাতেও আগুন জ্বলতে দেখা গেছে বলে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে।
তিয়ানজিন আকারের দিক দিয়ে বিশ্বের দশম বৃহত্তম বন্দর। এই শহরে বসবাস করেন প্রায় দেড় কোটি মানুষ।
