চীনের বিস্ফোরণস্থলে গেছে রাসায়নিক বিশেষজ্ঞদল
উত্তরাঞ্চলীয় তিয়ানজিন শহরের বিস্ফোরণস্থলে সামরিক বাহিনীর একটি রাসায়নিক বিশেষজ্ঞদল পাঠিয়েছে চীন। রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবর দিয়েছে।
তিয়ানজিনের বন্দরের কাছে ‘দাহ্য পদার্থ ও রাসায়নিকের’ গুদামে বুধবার স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে ‘বিস্ফোরকের একটি’ চালান আসার সময় বিস্ফোরণ ঘটে অন্তত ৫০ জন নিহত হয়। বিধ্বস্ত হয় আশেপাশের ঘরবাড়িও।
বিস্ফোরণ কি কারণে ঘটেছে তা জানা যায়নি। কোনো রাসায়নিক ছড়িয়ে পড়েছে কিনা তাও জানা যায়নি।
বিবিসি জানিয়েছে, বিস্ফোরণের ২৪ ঘন্টা পরও আগুন নিয়ন্ত্রণে আনতে এবং আহতদের উদ্ধারকাজে হিমশিম খাচ্ছে উদ্ধারকর্মীরা।
রুইহাই লজিস্টিকস কোম্পানির যে অয়্যারহাউজে বিস্ফোরণ ঘটেছে সেখানে সোডিয়াম সায়ানাইডের মত আরো অনেক বিষাক্ত রাসায়নিক আদান-প্রদান হয়।
চীনের দ্য পিপলস ডেইলি বলেছে, উদ্ধারকর্মীরা ওইস্থানে মজুদ ৭শ’ টন সোডিয়াম সায়ানাইড সরানোর চেষ্টা করছে। এই রাসায়নিকটিকে বিষমুক্ত করতে হাইড্রোজেন পারঅক্সাইড প্রস্তুত রাখা হয়েছে।
চীনের রাজধানী বেইজিংয়ের দক্ষিণপূর্বের গুরুত্বপূর্ণ বন্দর ও শিল্পশহর তিয়ানজিনে দেড় কোটি মানুষের বাস।
বিস্ফোরণের ঘটনার পর তিয়ানজিনের বাতাস এবং পানিতে দূষণের মাত্রা পরীক্ষা করা হচ্ছে বলে তিয়ানজিনের পরিবেশ সুরক্ষা ব্যুরোর প্রধান ওয়েন উরুই।
তিনি বলেন, বিষাক্ত বাতাসে বেশিক্ষণ শ্বাস নেয়া দেহের জন্য ক্ষতিকর।কিন্তু আমরা পর্যবেক্ষণ করে দেখেছি এ মুহুর্তে জায়গাটিতে দূষণের মাত্রা সে পর্যায়ে পৌঁছেনি।
চীনের ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টার জানিয়েছে, প্রথম বিস্ফোরণের মাত্রা তিন টন টিএনটি (ট্রাই নাইট্রো টলুইন) বিস্ফোরকের সমতুল্য ছিল, আর দ্বিতীয়টি ২১ টন টিএনটির সমতুল্য।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, বড় বিস্ফোরণ দুটির পর আশপাশে আরো কয়েকটি বিস্ফোরণ ঘটেছে। উদ্ধারকাজ চালাতে গিয়ে নিহত হয়েছে অন্তত ১৭ জন দমকলকর্মী।
বিবিসি’র চীনা বিভাগের সম্পাদক রেমন্ড লি জানিয়েছেন, সব ধরনের ইঙ্গিত সাক্ষ্য দিচ্ছে ঘটনাটি একটি শিল্প দুর্ঘটনা। বিস্ফোরণের কারণ কি তা তদন্ত করে দেখা হচ্ছে।
