ক্রোয়েশীয় জিম্মিকে মেরে ফেলা হয়েছে: আইএস
জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এক অডিও বার্তায় জানিয়েছে, তাদের মিশরীয় শাখা ক্রোয়েশীয় জিম্মিকে হত্যা করেছে।
আইএস সমর্থকরা শিরশ্ছেদ করা একটি মৃতদেহের ছবি প্রকাশ করে তা ওই জিম্মির বলে দাবি করার পরদিনই আইএস একথা জানাল।
তবে মিশরের পররাষ্ট্রমন্ত্রণালয় বলেছে, নিরাপত্তা বাহিনী এখনো এ খবরের ব্যাপারে ‘নিশ্চিত কোনো তথ্য’ পায়নি।
মিশরের সিনাই প্রভিন্স সমর্থকদের ট্যুইটার একাউন্টে পোস্ট করা ওই ছবিটিতে একটি মানুষের মৃতদেহের ওপর বিচ্ছিন্ন মাথা রাখা থাকতে দেখা গেছে। আর এর পেছনে রয়েছে ইসলামিক স্টেটের কালো পতাকা।
রয়টার্সও ছবিটির সত্যাসত্য নিরপেক্ষসূত্রে যাচাই করতে পারেনি।
বৃহস্পতিবার দেয়া অডিওটিতে আইএস বলেছে, “সিনাই প্রভিন্সে খিলাফতের সেনারা ক্রোয়েশীয় জিম্মিকে হত্যা করেছে। যার দেশ সময়সীমা পেরোনোর পরও ইসলামিক স্টেটের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়েছে। মিশর এমনকি তার নিজ দেশের সরকারও তাকে পরিত্যাগ করেছে।”
