২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালিতে হোটেলে সন্ত্রাসী হামলায় নিহত ১২

সন্ত্রাসী হামলার প্রায় ২৪ ঘণ্টা পর মালির বিবলস হোটেলের নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী। বেশ কয়েকজন জিম্মিকে জীবিত উদ্ধার করা হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 08 Aug 2015, 06:59 PM

Updated : 25 Apr 2022, 01:42 PM

শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে মপটি নগরীর সেভা শহরের কেন্দ্রস্থলে অবস্থিত ওই হোটেলটিতে হামলা করে অজ্ঞাত বন্দুকধারীরা।

সেভার বিমানবন্দরমুখী সড়কে কাছে অবস্থিত হোটেলটিতে সাধারণত জাতিসংঘের কর্মকর্তারা অবস্থান করে বলে জানায় রয়টার্স।

মালির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল দিয়াহুন কনি বলেন, “কার্যত (হোটেল অবরোধের) ঘটনার অবসান হয়েছে। আমরা বেশ ভালোভাবে ঘটনার সামাল দিয়েছি। আমরা চারজন জিম্মিকে জীবিত উদ্ধার করেছি। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে সেখানে আমরা তিনটি মৃতদেহও খুঁজে পেয়েছি।”

জীবিত উদ্ধার জিম্মিদের মধ্যে দুই জন দক্ষিণ আফ্রিকার, একজন ইউক্রেইনের এবং একজন রাশিয়ার নাগরিক বলে জানিয়েছে রয়টার্স।

মালিতে জাতিসংঘ মিশনের মুখপাত্র রাধিয়া আচৌরি বলেন, “মিশনের পক্ষ থেকে আনন্দের সঙ্গে ঘোষণা করা হচ্ছে যে, জাতিসংঘের চারজন চুক্তি ভিত্তিক কর্মীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাদেরকে ঠিক কোথা থেকে উদ্ধার করা হয়েছে সেটা এখনও জানা যায়নি। হোটেলটিতে হামলার সময় তারা লুকিয়ে পড়েছিল।”

মালি সেনাবাহিনীর একজন মুখপাত্র রয়টার্সকে বলেন, নিহত জিম্মি তিনজন দক্ষিণ আফ্রিকা, রাশিয়া ও ইউক্রেইনের নাগরিক।

দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের দুইজন নাগরিকের জীবিত উদ্ধার এবং ৩৮ বছর বয়সী পেটোরিয়ার এক বাসিন্দার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। নিহত ব্যক্তি একটি বিমান কোম্পানির অধীনে মালিতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কাজ করতেন।

এ হামলায় মোট ১২ জনের নিহত হওয়ার খবর জানিয়েছে দেশটির সরকার।

সরকারের মুখপাত্র কগুয়েল ককালা মিগা বলেন, “নিহতের সংখ্যা বেড়ে ১২ হয়েছে। নিহতদের মধ্যে পাঁচ জন সেনা সদস্য, চারজন সন্ত্রাসী ও তিনজন জিম্মি রয়েছে। আমরা বিস্তারিত তথ্যের আপেক্ষায় আছি।”

সরকারের পক্ষে থেকে এক বিবৃতিতে বলা হয়, এ ঘটনায় জড়িত সন্দেহে সাত জনকে আটক করা হয়েছে।

এ হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি। তবে বেশ কয়েক বছর ধরে ইসলামপন্থি জঙ্গিরা দেশটিতে এ ধরণের হামলা চালিয়ে আসছে।

পুরনো খবর:

মালির হোটেলে বন্দুকধারীদের হামলায় নিহত ৭