২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালির হোটেলে বন্দুকধারীদের হামলায় নিহত ৭

মালির একটি হোটেলে বন্দুকধারীদের গুলিতে অন্তত সাতজন নিহত হয়েছে বলে জানিয়েছেন সামরিক বাহিনীর এক মুখপাত্র।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2015, 06:34 PM

Updated : 25 Apr 2022, 01:42 PM

জাতিসংঘের কর্মকর্তারা সাধারণত ওই হোটেলটিতে অবস্থান করে বলে জানায় রয়টার্স।

একটি টেক্সট ম্যাসেজে সেনাবাহিনীর মুখপাত্র সুলেইমান ডেমবেল বলেন, “নিহতের সংখ্যা বেড়েছে। এখন পর্যন্ত সাত জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে সেনাবাহিনীর চার সদস্য, দুইজন সন্ত্রাসী এবং একজন বিদেশি নাগরিক রয়েছেন।”

হামলাকারীরা হোটেলে অবস্থান করা রাশিয়ার তিন পাইলটকে জিম্মি করেছে বলেও জানান সুলেইমান। তবে রাজধানী বামাকোতে অবস্থিত রাশিয়ার দূতাবাস থেকে এ খবর অস্বীকার করা হয়েছে।

দূতাবাসের বরাত দিয়ে রাশিয়ার টিএএসএস নিউজ এজেন্সি জানায়, “এ খবর সত্য নয়। আমরা বুঝতে পারছি না কোথা থেকে তারা এ তথ্য পেল।”

শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে ৭ টার দিকে মপটি নগরীর সেভা শহরের কেন্দ্রস্থলে এ ঘটনা ঘটে। হোটেলটি সেভার বিমানবন্দরমুখী সড়কে অবস্থিত।

এর আগে একজন প্রত্যক্ষদর্শী হামলার শিকার হোটেলটির সামনে একজনের মৃতদেহ পড়ে থাকতে দেখার কথা রয়টার্সকে জানিয়েছিলেন।

প্রত্যক্ষদর্শী বিমানবন্দর কর্মী ‍মুসা দিয়াল্লো বলেন, “সকাল আটটার আগেই বন্দুকধারীরা হামলা করে। আমি হোটেলের সামনে একজনের মৃতদেহ দেখেছি। নিহত ব্যক্তি শ্বেতাঙ্গ ছিল। তবে তিনি কোনো দেশের নাগরিক তা জানিনা।”

হোটেলটিতে দক্ষিণ আফ্রিকা, ফ্রান্স ও ইউক্রেইনের নাগরিকরা অবস্থান করছিলেন বলে জানান সুলেইমান।

ওদিকে, নাম প্রকাশ না করার শর্তে জাতিসংঘের একজন কর্মকর্তা রয়টার্সকে বলেছেন,  হামলাকারীরা হোটেলেই অবস্থান করছিল। প্রায় তিন ঘণ্টা ধরে গোলাগুলির শব্দ পাওয়া গেছে।

এলাকার অধিবাসীরাও গুলি এবং ভারী অস্ত্র ও গোলাবারুদের শব্দ শুনতে পাওয়া কথা জানিয়েছেন। বন্দুকধারীরা বিমানঘাঁটি এবং হোটেলগুলোকে লক্ষ্য করেই হামলা চালিয়েছে বলে জানান এক অধিবাসী।

মালির উত্তরাঞ্চল দখল করে নেয়া ইসলামি জঙ্গিদের বিরুদ্ধে লড়তে সেখানে জাতিসংঘ বাহিনী মোতায়েন করা হয়েছিল।

ফ্রান্সের নেতৃত্বে পরিচালিত সামরিক অভিযানের মুখে আল-কায়েদা সংশ্লিষ্ট কিছু জঙ্গি মালির উত্তরাঞ্চলের বেশ কয়েকটি শহর ও নগর থেকে পিছু হটে গেলেও বাকী যোদ্ধারা অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে।