পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযানে ফিলিস্তিনি নিহত
ইসরায়েলের অধিকৃত পশ্চিম তীরের একটি বাড়িতে চালানো অভিযানে ইসরায়েলি বাহিনীর হাতে এক ফিলিস্তিনি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার চালানো এ হামলায় আরো দুই ফিলিস্তিনি আহত হয়েছেন বলে ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছেন।
ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, বেইত উমর গ্রামে এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করতে গেলে উত্তেজিত একদল মানুষ সেনাদের আক্রমণ করে, তখন প্রধান আক্রমণকারীকে গুলি করে সেনারা।
এরপর সেনারা ঘটনাস্থল থেকে চলে আসার সময় আবারও উত্তেজিত জনতার আক্রমণের মুখে পড়েন। জনতা সেনাদের লক্ষ করে পাথর ও ইট ছুঁড়তে থাকে।
“এ সময় আক্রমণ শুরু করা কয়েকজনকে লক্ষ করে গুলি করেন সেনারা,” বলেন ওই মুখপাত্র।
হেব্রন হাসপাতালের এক ফিলিস্তিনি চিকিৎসক জানিয়েছেন, ফালাহ আবু মারিয়া নামের ৫২ বছর বয়সী এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন এবং তার দুই ছেলে আহত হয়েছেন।
ইউসুফ আবু মারিয়া নামের ইসরায়েলি অভিবাসনবিরোধী পশ্চিম তীরের এক আন্দোলনকারী জানিয়েছেন, সেখানে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি, একটি বাড়ির ভিতরে ওই গুলির ঘটনা ঘটেছে।
বুধবার ইসরায়েলি বাহিনীর অপর একটি গ্রেপ্তার প্রচেষ্টার সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সংঘর্ষে অপর এক ফিলিস্তিনি নিহত হয়েছিলেন।
