নাইজেরিয়ায় বোমা হামলায় নিহত ২৯
নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় শহর গোম্বের দুটি বাস স্টেশনে বেশ কয়েকটি বোমা বিস্ফোরণে অন্ততপক্ষে ২৯ জন নিহত হয়েছেন।
বুধবার সন্ধ্যায় চালানো এসব বোমা হামলায় আরো ৬০ জন আহত হয়েছেন বলে রেডক্রসের কর্মকর্তারা জানিয়েছেন।
তাৎক্ষণিকভাবে বোমা হামলার দায় কেউ স্বীকার না করলেও হামলার ধরন বিবেচনায় বোকো হারাম জঙ্গিগোষ্ঠীকেই সন্দেহ করা হচ্ছে।
সন্ধ্যা ৭টার দিকে প্রথম বোমাটি বিস্ফোরিত হয়। দুজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, দাদিনা কোবা বাস স্টেশনের মসজিদে লোকজন নামাজ পড়ার জন্য জড়ো হলে এক সন্দেহভাজন আত্মঘাতী হামলাকারী বোমাটির বিস্ফোরণ ঘটান।
উমারু সানি নামের এক দোকানদার জানিয়েছেন, বাস স্টেশনের কাছের নাসারাবো জংশনে সব্জি বিক্রেতাদের ভিড়ের মধ্যে দ্বিতীয় বোমাটি বিস্ফোরিত হয়।
আহমেদ আবু নামের এক বাস চালাক বলেছেন, “দুটি বড় ধরনের বিস্ফোরণের শব্দ শুনলাম। একটার পর আর একটা। তারপর দেখলাম মসজিদ থেকে রক্তাক্ত শরীরে লোকজন বের হয়ে আসছে। সাতটি লাশ দেখেছি আমি।”
নাইজেরিয়ার জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থার একজন কর্মকর্তা অন্ততপক্ষে সাতজন নিহত হওয়ার কথা জানিয়েছেন। এখানে আরো লাশ আছে বলে জানিয়েছেন তিনি।
শহরের প্রধান বাস স্টেশন দুকুর গেইটে আরো দুটি বিস্ফোরণ ও নিকটবর্তী এক বাজারে আরো একটি ছোট বোমার বিস্ফোরণ ঘটানো হয়।
হুসাইনি আদামু নামের এক কৃষক বলেছেন, “বাসায় ফেরার পথে কাসুওয়ার মাতার দিক থেকে দুটি বিস্ফোরণের শব্দ শুনি। ফিরে এসে দেখি অনেক মানুষ মরে পড়ে আছে। অন্ধকার হয়ে যাওয়ায় লাশ গুনে দেখতে পারিনি।”
পুলিশের মুখপাত্র ফওয়াজে আজরি জানিয়েছেন, প্রায় এক ঘণ্টার ব্যবধানে এলাকা দুটিতে বিস্ফোরণের ঘটনাগুলো ঘটেছে। তবে মোট কতোজন মানুষ নিহত হয়েছেন তা নিশ্চিতভাবে জানাতে পারেননি তিনি।
গেল শুক্রবার একই শহরের একটি বাজারে চালানো অপর দুটি বোমা হামলায় অন্ততপক্ষে ৫০ জন নিহত হয়েছিলেন।
