২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় সংস্কার প্রস্তাবেও উতরে গেলেন সিপ্রাস

ঋণ সংকট কাটাতে ইউরোজোনের বেইলআউট পাওয়ার জন্য সংস্কারের দ্বিতীয় বিলটি পাস হয়েছে গ্রিসের পার্লামেন্টে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2015, 11:36 AM

Updated : 12 Oct 2022, 04:05 PM

বৃহস্পতিবার ২৩০-৬৩ ভোটে বিলটি পাস হওয়ার মধ্য দিয়ে ইউরোপীয় ইউনিয়নের দাতাদের কাছ থেকে ৮ হাজার ৬০০ কোটি ইউরো ঋণের জন্য আলোচনা শুরুর পথে গ্রিস আরেক ধাপ এগিয়ে গেল বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়।

এবারের বিলে গ্রিসের ব্যাংক খাত এবং বিচার ব্যবস্থার সংস্কারের কথা বলা হয়েছে। এর আগে পাস হওয়া প্রথম দফা সংস্কার প্রস্তাবে মূলত কর বৃদ্ধি ও বাজেট কাটছাঁটের কথা ছিল।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ক্ষমতাসীন দল সিরিজা পার্টির আইনপ্রণেতাদের মধ্যে এসব প্রস্তাব নিয়ে দ্বিমত থাকলেও বিরোধী দলে থাকা ইউরোপীয় ইউনিয়নপন্থিদের সমর্থনে সহজেই ভোটের বাধা উৎরে গেছেন প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস।   

পার্লামেন্টে যখন এ বিলের ওপর আলোচনা চলছিল, তখন বাইরে কয়েক হাজার গ্রিক কৃচ্ছ্বতার বিরোধিতায় বিক্ষোভ করছিলেন। এ সময় বিক্ষোভ থেকে পুলিশের দিকে পেট্রোল বোমাও ছোড়া হয়। তবে পুলিশ শক্ত হাতেই পরিস্থিতি সামলেছে।

এদিকে গ্রিসের ঋণ প্রস্তাব নিয়ে আলোচনার জন্য শুক্রবার এথেন্সে বসছে ইউরোপের ঋণদাতা মোড়লরা।

বলা হচ্ছে, খাদের কিনারে পৌঁছে যাওয়া গ্রিসের অর্থনীতি এবং ইউরোজোনে দেশটির ভবিষ্যৎ এই বেইলআউটের ওপরই নির্ভর করছে।

দাতাদের কঠোর ব্যয়সংকোচন শর্তের পক্ষে সমর্থন পেতে গত সপ্তাহে গ্রিসের পার্লামেন্টে প্রথম সংস্কার প্রস্তাবটি পাস হয়।

ঋণভারে জর্জরিত গ্রিকদের মুক্তির আশা দিয়ে ক্ষমতায় আসা সিপ্রাস দাতাদের কঠিন শর্তে ঋণ নিতে সম্মতি জানিয়ে নিজের দলেও তোপের মুখে রয়েছেন। অবশ্য দ্বিতীয় বিল পাসের ক্ষেত্রে আগের চেয়ে কম বেগ পেতে হয়েছে তাকে। 

এমনকি প্রথম বিলের বিপক্ষে ভোট দেওয়া গ্রিসের সাবেক অর্থমন্ত্রী ইয়ানিস ভারোফাকিসও দ্বিতীয় বিলে সমর্থন দিয়েছেন। এবার বিলের বিপক্ষে যারা ভোট দিয়েছেন, তাদের মধ্যে সিপ্রাসের দল সিরিজা পার্টির সদস্য রয়েছেন ৩১ জন।   

ভোটাভুটির আগে প্রধানমন্ত্রী সিপ্রাস পার্লামেন্টে বলেন, দাতাদের বেঁধে দেওয়া শর্তে তিনি নিজেও খুশি নন।  

“ইউরোপের সবচেয়ে শক্তিশালী চক্রের বড় ধরনের পরিকল্পনা এড়াতেই আমরা কঠিন সমঝোতা করেছি।”

প্রাথমিক সেই সমঝোতার কারণেই বুধবার ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক (ইসিবি) গ্রিসের ব্যাংকগুলোকে ৯ কোটি ইউরো জরুরি তহবিল যুগিয়েছে। অর্থ সঙ্কটের কারণে তিন সপ্তাহ বন্ধ থাকার গত সোমবার গ্রিসের ব্যাংকগুলো খুলে দেওয়া হয়।  

ইউরোপীয় ইউনিয়নের কাছ থেকে পাওয়া ৭১৬ কোটি ইউরো থেকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ২০৫ কোটি এবং ইসিবির ৪২০ কোটি ইউরো পরিশোধ করবে গ্রিস।

আগামী ২০ অগাস্টের মধ্যে গ্রিসকে ইসিবির পাওনা ৩২০ কোটি ইউরো পরিশোধ করতে হবে। এছাড়া সেপ্টেম্বরে ১৫০ কোটি ইউরো পরিশোধ করতে হবে আইএমএফকে।