ইরানকে রুখতে উপসাগরীয় মিত্রদের পাশে যুক্তরাষ্ট্র
উপসাগরীয় আরব দেশগুলোতে ইরানের প্রভাব ‘কমিয়ে আনতে’ ওই অঞ্চলের মিত্র দেশগুলোর সঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র।
শিগগিরই উপসাগরীয় সহযোগিতা পরিষদের সঙ্গে কাতারে বৈঠক করবেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।
উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর অধিকাংশই বিশ্ব শক্তির সঙ্গে ইরানের পরমাণু চুক্তিকে স্বাগত জানিয়েছে। কিন্তু তাদের অভিযোগ, আরব বিশ্বের বিভিন্ন দেশের আভ্যন্তরীণ বিষয়ে নাক গলাচ্ছে তেহরান। সেইসঙ্গে ওই অঞ্চলে নিজেদের প্রভাব বৃদ্ধির চেষ্টা করছে।
প্যান-আরবের পত্রিকা আল-শার্ক আল-আওয়াসাৎ কে কেরি বলেন, “উপসাগরীয় সহযোগিতা পরিষদের সবার সঙ্গে বৈঠক করতে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই আমি দোহা সফরে যাব।”
বুধবার পত্রিকাটি কেরির এই সাক্ষাৎকার প্রকাশ করে।
উপসাগরীয় সহযোগিতা পরিষদের দেশগুলো হলো: সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, ওমান ও কাতার।
কেরি বলেন, “(পরমাণু চুক্তির কারণে) আমরা (ইরানকে) নিয়ন্ত্রণের যে ক্ষমতা পেয়েছি তার মাধ্যমে ইরানকে প্রতিরোধ করার কাজ আরও বেশি কার্যকর হবে। আমার বিশ্বাস আমরা (উপসাগরীয় সহযোগিতা পরিষদের) তাদের এটা বোঝাতে সক্ষম হবো যে, এর মাধ্যমে তাদের অগ্রযাত্রা উল্লেখযোগ্যভাবে শক্তিশালী হবে।”
গত সপ্তাহে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পি৫+১ এবং ইরানের মধ্যে পরমাণু চুক্তি সাক্ষর হয়।
চুক্তিকে সমর্থন জানালেও শনিবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেন, উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের কৌশল ও ইরানের কৌশল সম্পূর্ণ বিপরীত এবং ইরান ওই অঞ্চলে তাদের মিত্রদের সহযোগিতা করা অব্যাহত রাখবে।
খামেনির বক্তব্য বিরক্তিকর ও সমস্যাগ্রস্ত বলে মন্তব্য করেন কেরি। ইরানের সঙ্গে পরমাণু চুক্তির কঠোর বিরোধিতা করেছিল ইসরায়েল। প্রতিদ্বন্দ্বী ইরান লাভবান হবে এই আশঙ্কায় সৌদি আরবও আপত্তি জানিয়েছিল।
কেরি বলেন, “খুব সাধারণ একটি কারণে আমরা পরমাণু চুক্তি করেছি। আমাদের বিশ্বাস যদি আপনি ইরানের বিরুদ্ধে দাঁড়াতে চান তবে পরমাণু অস্ত্র সমৃদ্ধ দেশ ইরানের চাইতে পরমাণু অস্ত্র ছাড়া ইরানের বিরুদ্ধে দাঁড়ানোটা বেশি ভাল হবে।”
