পাকিস্তানে বন্যায় ৩ জনের মৃত্যু
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশের বেশ কিছু গ্রাম আকস্মিক বন্যায় ডুবে যাওয়ার পর সেখানে আরো বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
বন্যায় এ পর্যন্ত অন্ততপক্ষে তিনজনের মৃত্যু হয়েছে এবং কয়েক হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে পাকিস্তানি গণমাধ্যমের বরাত দিয়ে বুধবার জানিয়েছে বিবিসি।
প্রতি বছর বর্ষাকালের মৌসুমী বৃষ্টিপাতে পাকিস্তানে বন্যা দেখা দেয় আর তাতে অনেক মানুষ মারা যান।
এবারের বন্যায় খাইবার পাখতুনখোয়ার চিত্রল এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক ভবন বড় ধরনের ক্ষতির শিকার হয়েছে।
খাইবার পাখতুনখোয়া প্রদেশের তথ্যমন্ত্রী মুশতাক গনি জানিয়েছেন, চিত্রল শহরের উঁচু অংশগুলো শহরের অপর অংশগুলো থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
এতে প্রায় ২০ হাজার মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আটকা পড়েছেন বলে জানিয়েছে ডন সংবাদপত্র।
