১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মোদীকে অধিকার নিয়ে প্রশ্ন করে ‘হেনস্তার’ শিকার সাংবাদিক, হোয়াইট হাউজের নিন্দা

হোয়াইট হাউজ এ ঘটনার নিন্দা করে তারা ওই ‘হেনস্তা’ বিষয়ক প্রতিবেদনগুলোর বিষয়ে অবগত’ বলে জানিয়েছে।

মোদীকে অধিকার নিয়ে প্রশ্ন করে ‘হেনস্তার’ শিকার সাংবাদিক, হোয়াইট হাউজের নিন্দা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক সাবরিনা সিদ্দিকী।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2023, 01:49 PM

Updated : 28 Jun 2023, 04:13 PM

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেশটির গণতন্ত্রের বিষয়ে একটি প্রশ্ন করার পর থেকে তাদের সাংবাদিক সাবরিনা সিদ্দিকী অনলাইনে ‘ব্যাপক হেনস্তার’ শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছে ওয়াল স্ট্রিট জার্নাল। 

হোয়াইট হাউজ এ ঘটনার নিন্দা করে তারা ওই ‘হেনস্তা বিষয়ক প্রতিবেদনগুলোর বিষয়ে অবগত’ বলে জানিয়েছে।

গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে মোদীর এক যৌথ সংবাদ সম্মেলনে ওই প্রশ্নটি করেছিলেন সাবরিনা। 

ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, প্রশ্ন করার পর থেকেই সাবরিনা ‘ভারতের লোকজনের কাছ থেকে অনলাইনে তীব্র হেনস্তার’ শিকার হচ্ছেন। সাবরিনাকে তার মুসলিম পরিচয়ের কারণেও লক্ষ্যস্থল করা হচ্ছে বলে জানিয়েছে তারা।

তাদের সাংবাদিককের বিষয়ে ওয়াল স্ট্রিট জার্নালের প্রশ্নের উত্তরে হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের কৌশলগত যোগাযোগ বিষয়ক সমন্বয়ক জন কারবি বলেছেন, “হোয়াইট হাউজ হেনস্তার ওই প্রতিবেদনগুলোর বিষয়ে অবগত আছে। এটি অগ্রহণযোগ্য। আর আমরা যে কোনো পরিস্থিতিতে যে কোনো সাংবাদিকের হেনস্তার পুরোপুরি নিন্দা জানাচ্ছি। এটি হচ্ছে- এটি পুরোপুরি অগ্রহণযোগ্য।

“আর এটা গণতন্ত্রের মূল নীতিগুলোর বিরোধী-আপনি ঠিক বলেছেন- গত সপ্তাহে রাষ্ট্রীয় সফরের সময় এটি প্রদর্শিত হয়েছিল।” 

কারবির এই বিবৃতির পর হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি কারিন জন পিয়ের প্রেস ব্রিফিংয়ের মঞ্চে এসে বলেন, “জন যা বলেছে আমি তার কিছু পুনরাবৃত্তি করতে চাই- আমরা নিশ্চিতভাবেই এই প্রশাসনের অধীনে এখানে হোয়াইট হাউজে আছি, আমরা সংবাদপত্রের স্বাধীনতার জন্য প্রতিশ্রুতিবদ্ধ আর এই কারণেই গত সপ্তাহে ওই সংবাদ সম্মেলনটি করেছি আমরা। 

“তাই শুধু মনে করিয়ে দিতে চাই যে এই কারণেই গত সপ্তাহে আমরা সংবাদ সম্মেলনটি করেছিলাম। এর পাশাপাশি আমরা অবশ্যই নিজের কাজ করার চেষ্টারত সাংবাদিকদের ভয় দেখানো বা হেনস্তার প্রচেষ্টার নিন্দা জানাই।” 

বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর হোয়াইট হাউজের ওই যৌথ সংবাদ সম্মেলনে সাংবাদিক সাবরিনা মোদীকে উদ্দেশ করে বলেন, অনেক মানবাধিকার গোষ্ঠী ভারতে বৈষম্য ও সমালোচকদের চুপ করিয়ে দেওয়ার বিষয়ে কথা বলছে।

“আপনাদের দেশে মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের অধিকার উন্নত করতে আপনি ও আপনার সরকার কী পদক্ষেপ নিতে ইচ্ছুক?” প্রশ্ন করেন তিনি।   

উত্তরে মোদী বলেন, ভারতে ‘বৈষ্যমের কোনো প্রশ্ন নেই’ কারণ তার সরকার সংবিধান অনুসারে পরিচালিত হয়।

ইংরেজিতে করা প্রশ্নের উত্তরে মোদী হিন্দিতে বলেন, “আমি আশ্চর্য হলাম, আপনি বলছেন ‘লোকে বলে’, লোকের বলার কিছু নেই ভারতে গণতন্ত্র আছে। গণতন্ত্র আমাদের চেতনায় রয়েছে এবং আমাদের ধমনীর মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে। আমরা গণতন্ত্রে বাস করি ও শ্বাস নেই। এটি আমাদের সংবিধানেই আছে।

“যদি মানবিক মূল্যবোধ ও মানবাধিকার না থাকে, তাহলে গণতন্ত্রও থাকে না। আমরা গণতন্ত্রে বাস করি, সেখানে বৈষ্যমের কোনো প্রশ্ন নেই।”

এরপর থেকে অনলাইনে শুরু হওয়া সমালোচনার জবাবে ভারতে জন্ম নেওয়া সাবরিনা ভারতীয় ক্রিকেট দলের টি শার্ট পরা তার নিজের ছবি ও ওই দলের খেলা চলার সময় তিনি ও তার বাবা উল্লাস করছেন এমন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন।   

আর সঙ্গে করা টুইটে লিখেছেন, “যেহেতু কেউ কেউ আমার ব্যক্তিগত প্রেক্ষাপটকে লক্ষ্যস্থল করার জন্য বেছে নিয়েছেন, তাই একটি পূর্ণাঙ্গ ছবি প্রকাশ করা ঠিক মনে হচ্ছে। কখনও কখনও যতটা মনে হয় পরিচয় তার চেয়েও বেশি জটিল।”  

আরও খবর:

পুরানো খবর:

ভারতে ‘ধর্মীয় বৈষম্য’ থাকার কথা অস্বীকার মোদীর

পুরানো খবর:

শক্তিশালী সম্পর্ক, সহযোগিতার নতুন সেতু গড়ল যুক্তরাষ্ট্র-ভারত

পুরানো খবর:

সন্ত্রাসী হামলার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পাকিস্তানকে আহ্বান বাইডেন-মোদীর