Published : 23 Jun 2023, 11:03 PM
বিশ্বে সবচেয়ে ঘনিষ্ঠ অংশীদারদের কাতারে নিজেদের সামিল হওয়ার ঘোষণা দিল যুক্তরাষ্ট্র এবং ভারত। সম্পর্ককে করল আরও শক্তিশালী। নিরাপত্তা ও প্রযুক্তিতে গড়ল সহযোগিতার নতুন সেতু।
ওয়াশিংটনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাষ্ট্রীয় সফরে তার সঙ্গে হোয়াইট হাউজে বৈঠক শেষে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, “ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ইতিহাসের যে কোনও সময়ের চেয়ে এখন আরও শক্তিশালী, ঘনিষ্ঠ এবং আরও গতিশীল।”
যুক্তরাষ্ট্রের থিংকট্যাংক উইলসন সেন্টারের মিশেল ক্লুগম্যান মনে করেন, বাইডেনের এই মন্তব্য বাড়াবাড়ি কিছু নয়। এ মন্তব্য থেকে বোঝা যায়, অপেক্ষাকৃত স্বল্প সময়ে দুই দেশের সম্পর্ক কীভাবে আরও সম্প্রসারিত এবং গভীর হয়েছে।
বিবিসি লিখেছে, ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক গভীর করতে চাওয়ার একটি মূল কারণ হচ্ছে, ইন্দো-প্যাসিফিক অঞ্চলের চীনের বাড়তে থাকা প্রভাবের পাল্টায় ভারসাম্য বজায় রাখতে কাজ করতে পারে ভারত।
ভারতের প্রধানমন্ত্রী মোদীর লক্ষ্য সীমান্তে শক্তি বাড়িয়ে ঘরোয়া রাজনীতিতে পরাক্রমশালী হওয়া। অন্যদিকে,যুক্তরাষ্ট্র চায় প্রতিরক্ষা ও অত্যাধুনিক প্রযুক্তি ক্ষেত্রে ভারতকে আরও গুরুত্বপূর্ণ করে তুলে চীনকে মোকাবিলায় ব্যবহার করতে।
শুক্রবার মোদী ও বাইডেনের দ্বিপাক্ষীয় শীর্ষ বৈঠকে তা নিয়েই দেওয়া-নেওয়া হয়েছে। মোদীর সফরকে বাস্তবিক করে তুলতে চেষ্টার ত্রুটি করেননি বাইডেন। বহু বিষয় নিয়েই সমঝোতা হয়েছে। খুলেছে সহযোগিতার দ্বার।
মহাকাশ থেকে প্রতিরক্ষা, টেলিযোগাযোগ থেকে সেমিকন্ডাক্টর বা চিপ। নিরাপত্তা ও অত্যাধুনিক প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতার এক নতুন সেতু তৈরি করেছেন ভারত ও যুক্তরাষ্ট্রের দুই নেতা।
বিস্তৃত পরিসরে কূটনৈতিক সহযোগিতা চাঙ্গা রাখতে দু’দেশের দূতাবাসের সংখ্যা বাড়ানোরও সিদ্ধান্ত হয়েছে। আহমেদাবাদ এবং বেঙ্গালুরুতে নতুন কনসুলেট খুলবে যুক্তরাষ্ট্র। ওদিকে, ভারত কনসুলেট খুলবে সিয়াটলে, যেখানে তথ্যপ্রযুক্তি শিল্প সূত্রে বাস করে বিপুল সংখ্যক প্রবাসী ভারতীয়।
যৌথভাবে যুদ্ধবিমানের অত্যাধুনিক এফ-৪১৪ জেট ইঞ্জিন তৈরির জন্য হিন্দুস্তান এরোনটিক্স লিমিডেট (হ্যাল)-এর সঙ্গে চুক্তিপত্র সই করেছে মার্কিন সংস্থা জি ই এরোস্পেস। এছাড়াও প্রতিরক্ষা ক্ষেত্রে একাধিক গুরুত্বপূর্ণ সমঝোতা হয়েছে দু’দেশের মধ্যে।
যুক্তরাষ্ট্রের জেনারেল অ্যাটমিকসের তৈরি ৩১টি হানাদার ড্রোন কেনার বিষয়ে চুক্তি হয়েছে। ভারতীয় সেমিকন্ডাক্টর মিশনের উদ্যোগে গুজরাটে মাইক্রন টেকনোলজির সেমিকন্ডাক্টরের কারখানা গড়ে তোলার লক্ষ্যে চুক্তি হয়েছে।
চাঁদে ’২৫ সালের মধ্যে মানুষ পাঠানোর লক্ষ্যে আমেরিকার নেতৃত্বাধীন ‘আর্টেমিস’ চুক্তির সঙ্গেও যুক্ত হয়েছে ভারত। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার সঙ্গে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো-র চুক্তি হয়েছে। এ দুই সংস্থা ২০২৪-এ যৌথ অভিযান করতে একমত হয়েছে।
বাইডেনের সঙ্গে বৈঠকে মোদী বলেছেন, “আজ ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক মহাকাশের উচ্চতা থেকে সমুদ্রের গভীরতা পর্যন্ত প্রসারিত হয়েছে। প্রাচীন সংস্কৃতি থেকে কৃত্রিম মেধা পর্যন্ত আমরা কাঁধে কাঁধ মিলিয়ে চলছি। সবার নজর বিশ্বের সবচেয়ে বড় দুই গণতান্ত্রিক এই দেশের ওপর। আজকের দ্রুত বদলে যাওয়া সময়ে মানবজাতির কল্যাণের জন্য দুদেশের কৌশলগত সম্পর্ক প্রয়োজনীয়।”
ইউক্রেইনে মস্কোর আগ্রাসন শুরুর পরও রাশিয়ার সঙ্গে ভারতের ঘনিষ্ঠ সম্পর্ক থাকা নিয়ে হতাশ যুক্তরাষ্ট্র। সেদিক থেকে বাইডেনের সঙ্গে বৈঠকের পর যৌথ বিবৃতিতে রাশিয়া এবং চীন নিয়ে সতর্ক অবস্থান বজায় রেখেছেন মোদী।
চীন ও রাশিয়ার নাম সরাসরি উচ্চারণ করেননি তিনি। তবে যৌথ বিবৃতিতে এ দুই দেশকে লক্ষ্য করেই বক্তব্য রাখা হয়েছে। মোদী এবং বাইডেন দুইজনই নিয়মবিধি ভিত্তিক আন্তর্জাতিক শৃঙ্খলা রক্ষার গুরুত্বের ওপর জোর দিয়েছেন।
দুই নেতাই ইউক্রেইনে চলমান যুদ্ধ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং সেখানকার অবনতিশীল মানবিক পরিস্থিতর জন্য দুঃখ প্রকাশ করেছেন। ইউক্রেইনের মানুষদের জন্য মানবিক সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতিও দিয়েছেন দুই নেতা।