১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সন্ত্রাসী হামলার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পাকিস্তানকে আহ্বান বাইডেন-মোদীর

ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অবসানের পর এখন পর্যন্ত ভারত ও পাকিস্তানের মধ্যে তিনটি যুদ্ধ হয়েছে।

সন্ত্রাসী হামলার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পাকিস্তানকে আহ্বান বাইডেন-মোদীর

হোয়াইট হাউজে যৌথ সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2023, 01:18 PM

Updated : 23 Jun 2023, 01:18 PM

পাকিস্তানের ভূখণ্ড যেন কোনো সন্ত্রাসী হামলা চালাতে ব্যবহৃত না হয় তা নিশ্চিতে দেশটির প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে দুই নেতা এ আহ্বান জানান বলে জানিয়েছে হোয়াইট হাউজ।

এক বিবৃতিতে হোয়াইট হাউজ বলেছে, “তারা দৃঢ়ভাবে সীমান্ত অতিক্রম করে চালানো সন্ত্রাসী হামলা, সন্ত্রাসীদের প্রক্সি হিসেবে ব্যবহারের তীব্র নিন্দা জানান এবং পাকিস্তানের অধীনে থাকা কোনো ভূখণ্ড যেন সন্ত্রাসী হামলা চালাতে ব্যবহৃত না হয় তা নিশ্চিতে শিগগির পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।”

পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী রাষ্ট্র ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক বছরের পর বছর ধরেই তলানিতে। ১৯৪৭ সালে ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অবসানের পর এখন পর্যন্ত ভারত ও পাকিস্তানের মধ্যে তিনটি যুদ্ধ হয়েছে।

এর দুটিই আবার হয়েছে মুসলিম অধ্যুষিত কাশ্মীরকে ঘিরে; ভারত ও পাকিস্তান হিমালয়ের কোলে থাকা অঞ্চলটির সম্পূর্ণ মালিকানা দাবি করলেও উভয়েই পৃথক পৃথক অংশ শাসন করে আসছে। 

২০১৯ সালে নয়া দিল্লি ভারতের অংশে থাকা জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে সেটাকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করে দেয়। পাকিস্তান এই পদক্ষেপকে অবৈধ অ্যাখ্যা দিয়ে জম্মু-কাশ্মীরের আগের বিশেষ মর্যাদা ফিরিয়ে দেওয়ার দাবি জানায়।

ভারতের ওই পদক্ষেপের পর দুই দেশ নিজেদের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের অবনমনও ঘটায়।

“প্রেসিডেন্ট বাইডেন ও প্রধানমন্ত্রী মোদী আল-কায়েদা, ইসলামিক স্টেট (আইএসআইএস)/দায়েশ, লস্কর ই-তৈয়বা (এলইটি), জইশ-ই-মোহাম্মদ (জেইএম) ও হিজব-উল-মুজাহেদিনসহ জাতিসংঘের তালিকাভুক্ত সকল সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে সম্মিলিত ব্যবস্থা নেওয়ার আহ্বান পুনর্ব্যক্ত করেন,” যৌথ বিবৃতিতে এমনটি বলা হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।

২০০৮ সালের মুম্বাই হামলার জন্য জঙ্গি গোষ্ঠী লস্কর ই-তৈয়বার প্রতিষ্ঠাতা হাফিজ সাঈদকে দায়ী করা হয়। ওই বছরের ২৬ নভেম্বর সন্ধ্যা থেকে শুরু হয়ে তিন দিনেরও বেশি সময় ধরে চলা ওই হামলায় ১৬০ জনের বেশি মানুষ নিহত হয়েছিল।

“তারা (বাইডেন ও মোদী) ২৬/১১ মুম্বাইয়ে এবং পরে পাঠানকোটে হওয়া হামলায় জড়িতদের বিচারের আওতায় আনার আহ্বান জানান,” বলা হয়েছে হোয়াইট হাউজের দেওয়া ওই যৌথ বিবৃতিতে।   

২০১৬ সালে ভারতের পাঠানকোট বিমানঘাঁটিতে হওয়া হামলায় ৭ ভারতীয় নিরাপত্তারক্ষী নিহত হয়েছিল।

আরও খবর:

পুরানো খবর:

ভারতে ‘ধর্মীয় বৈষম্য’ থাকার কথা অস্বীকার মোদীর