২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লোকসভা নির্বাচন: কংগ্রেসের ন্যায়পত্র-ইশতেহারে কয়েকটি আশ্বাস

ভারত জোড়ো ন্যায়যাত্রার ৫ মূল স্তম্ভ- যুবসমাজ, কৃষক, নারী, শ্রমিক ও ভাগীদারি গুরুত্ব পেয়েছে ইশতেহারে। রয়েছে ২৫ ধরনের গ্যারান্টি।

লোকসভা নির্বাচন: কংগ্রেসের ন্যায়পত্র-ইশতেহারে কয়েকটি আশ্বাস

ছবি: এনডিটিভি।

নিউজ ডেস্ক

Published : 05 Apr 2024, 09:12 PM

Updated : 05 Apr 2024, 09:23 PM

আর কয়েকদিন পরই ভারতজুড়ে শুরু হবে লোকসভা নির্বাচন৷ তার আগে রাজনৈতিক প্রচারে, মিছিলে, জনসভায় রীতিমতো সরগরম গোটা দেশ। এর মধ্যেই নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে বিরোধীদল কংগ্রেস পার্টি।

ইশতেহারের নাম দেওয়া হয়েছে 'ন্যায়পত্র'। এতে কংগ্রেস বড় বড় নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছে। কর্মসংস্থান, পরিকাঠামোর উন্নয়ন, জাতীয় জাতগণনা-সহ বিভিন্ন প্রতিশ্রুতি তুলে ধরা হয়েছে ইশতেহারে। 

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেছেন, ভারতীয় জনতা পার্টির (বিজেপি) গত ১০ বছরের শাসনকালে ভারতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ন্যায় ব্যবস্থা৷ তাই কংগ্রেসের এই ইশতেহার ‘ন্যায়ের দস্তাবেজ’। এতে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে, পঞ্চ ন্যায়কে৷

এনডিটিভি জানায়, ভারত জোড়ো ন্যায়যাত্রার ৫ মূল স্তম্ভ- যুবসমাজ, কৃষক, নারী, শ্রমিক ও ভাগীদারি গুরুত্ব পেয়েছে ইশতেহারে। রয়েছে ২৫ ধরনের গ্যারান্টি।

কংগ্রেস বলেছে, ইস্তেহারের সার্বিক ভিত্তি- 'কাজ', 'স্বাস্থ্য' ও 'জনকল্যাণ'। 'কাজের' অর্থ, অবশ্যই চাকরির জোগান দিতে হবে। 'সম্পদ' বিতরণের আগে তা তৈরি করতে হবে। আর 'জন্যকল্যাণের' মাধ্যমে বলা হয়েছে, দেশের গরিব মানুষের দেখভাল করা।

কংগ্রেসের ইশতেহার: জাতগণনা

গত নভেম্বরে বিহার সরকারের রাজ্যভিত্তিক জরিপের ফল প্রকাশের পর থেকেই সংবাদ শিরোনামে, আলোচনায় উঠে এসেছে জাতগণনা। জায়গা করে নিয়েছে রাজনীতির মাঠে। এ পরিস্থিতিতে কংগ্রেস তাদের ইশতেহারে অঙ্গীকার করেছে, দেশজুড়ে জাতভিত্তিক সমীক্ষা চালানো হবে।

তাছাড়া, উপজাতি এবং তাদের আর্থ-সামাজিক অবস্থা নিয়েও সমীক্ষা হবে। আর্থ-সামাজিক অবস্থা গণনা করার জন্য কংগ্রেস দেশব্যাপী একটি আর্থ-সামাজিক ও বর্ণ শুমারি পরিচালনা করবে। তথ্যের ভিত্তিতে প্রকল্পের সুবিধা দেবে। 

সংবিধানে সংশোধনী এনে দেশের প্রান্তিক শ্রেণির (এসসি, এসটি ও ওবিসি) জন্য সংরক্ষণসীমা ৫০ শতাংশর বেশি বাড়ানোর কথাও বলেছে কংগ্রেস। 

কৃষকদের জন্য ন্যূনতম সহায়ক মূল্যের আশ্বাস:

কংগ্রেস আশ্বাস দিয়েছে কৃষকদের জন্য ন্যূনতম সহায়ক মূল্য (‘মিনিমাম সাপোর্ট প্রাইস’ বা এমএসপি) নিয়ে। ফসল উৎপাদনকারী কৃষকদেরকে যাতে এমএসপি দেওয়া যায় তার ব্যবস্থা করার কথা ইশতেহারে বলেছে কংগ্রেস।

২০২০ সালে কৃষক আন্দোলনের সময় থেকে চলে আসছে এ বিষয়টি। কেন্দ্রের তিন কৃষি আইনের (যা এখন বাতিল) প্রতিবাদে দেশের বিভিন্ন প্রান্তের লাখ লাখ কৃষক মাসের পর মাস আন্দোলন করেছেন। এ পরিস্থিতিতে কংগ্রেস প্রতিশ্রুতি দিয়েছে এমএসপি নিয়ে স্থায়ী আইনি গ্যারান্টির।

দারিদ্র দূরীকরণ:

২৩ কোটি মানুষের ভাগ্য বদলে দিয়ে ভারত থেকে গরিবি হটানোর প্রতিশ্রুতি রয়েছে কংগ্রেসের ইশতেহার। ইশতেহার কমিটির চেয়াম্যান চিদম্বরম আক্রমণ শানিয়ে বলেছেন, "বিজেপি ধনীদের সরকার, ধনীদের দিয়ে গঠিত সরকার এবং ধনীদের জন্য সরকার।" 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার দেশের ১ শতাংশ ধনীর দিকে চেয়ে এসেছে, ফলে বঞ্চিত হয়েছে নিম্নশ্রেণির ৫০ শতাংশ মানুষ। কংগ্রেসের হিসাবে, ভারতের ২৩ কোটি মানুষ আজও হতদরিদ্র। এদের নিয়েই তারা কাজ করবে।

‘গরিবি হটাও নয়, গরিবি মিটাও’- এবার কংগ্রেসের ‘ন্যায়’ প্রকল্পের লক্ষ্য। কংগ্রেস ক্ষমতায় এলে এই ২৩ কোটি মানুষের গরিবি ১০ বছরের মধ্যে হটানোর প্রতিশ্রুতি দিয়েছে।

তাছাড়া,নারীর ক্ষমতায়ণ করতে কংগ্রেস চালু করবে ‘মহালক্ষ্মী স্কিম’ বা ‘মহালক্ষ্মী প্রকল্প’৷ কংগ্রেস বলছে, তারা এবার ক্ষমতায় এলে ভারতের প্রতিটি অতি গরিব পরিবারের সবচেয়ে বয়স্ক নারী সদস্যকে বার্ষিক ১ লাখ রূপি আর্থিক সাহায্য করবে।

আয়ের অসমতা দূর করতে ভারতে প্রতিটি পরিবারের জন্য প্রতিমাসের বেসিক ইনকাম নিশ্চিত করার চেষ্টা করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস।

জাতীয় নিরাপত্তা, চীন

সীমান্তের দিকে মনোনিবেশ করে এবং প্রতিরক্ষা প্রস্তুতি জোরদার করে জাতীয় নিরাপত্তা সুরক্ষিত করার প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস। চীনের সঙ্গে সীমান্তে স্থিতাবস্থা পুনরুদ্ধার করার জন্য কাজ করবে বলে জানিয়েছে তারা।

২০২০ সালে পূর্ব লাদাখের গালওয়ানে চীনের সঙ্গে লড়াইয়ের পর ভারতের সেনারা সীমান্তের যে স্থানে টহলদারি করতে পারছেনা সে জায়গায় আবার সেনাদের প্রবেশ নিশ্চিত করার প্রতিশ্রুতি কংগ্রেস দিয়েছে। মালদ্বীপের সঙ্গে ভারতের তিক্ত সম্পর্কও স্বাভাবিক করে তোলার প্রতিশ্রুতি দিয়েছে দলটি।

স্বাস্থ্যসেবা:

বিনামূল্যে সার্বজনীন স্বাস্থ্যসেবা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কংগ্রেস বলেছে, ফ্রি চিকিৎসা দিতে ২৫ লাখ রুপির বীমা প্রকল্প চালু করা হবে।

সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে, যেমন: হাসপাতাল,ক্লিনিক, পিএইসি, এমএইসি এবং ডিসপেনসারিগুলোতে এমনকি স্বাস্থ্য শিবিরগুলোতেও সর্বসাধারণ সবাই বিনা মূল্যে রোগ পরীক্ষা করা, চিকিৎসাসেবা, অস্ত্রোপচার করা এবং ঔষধসহ অন্যান্য আরও সুবিধা পাবে।

অক্ষম কিংবা পক্ষাঘাতগ্রস্ত মানুষদের জন্য অ্যাসিসটেড লিভিং অ্যান্ড কেয়ার সেন্টার চালুরও প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস।

অন্যান্য:

ক্ষমতায় এলে বিজেপি প্রণিত বহু বিতর্কিত সেনার ‘অগ্নিপথ প্রোগ্রাম’ বাতিল করবে কংগ্রেস৷ জম্মু-কাশ্মীরকে ফিরিয়ে দেওয়া হবে পূর্ণ রাজ্যের মর্যাদা।

এছাড়াও, অর্থনতিক ভাবে পিছিয়ে থাকা পরিবারের জন্য ১০ শতাংশ সংরক্ষণ নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস৷ ভারতের বিভিন্ন রাজ্যের সরকারদের সহযোগিতায় প্রতিটা তেহশিলে একটি করে কমিউনিটি কলেজ গড়ার প্রতিশ্রুতি দিয়েছে তারা৷ এর ফলে দ্বাদশ পাশ করার পরে অতি অল্প খরচেই কলেজের পড়াশোনা শেষ করতে পারবেন ছাত্রছাত্রীরা৷

ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) দক্ষতা এবং ব্যালট পেপারের স্বচ্ছতা আনতে নির্বাচনী আইন সংশোধন করা হবে। ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। তবে ভোটার ভিভিপ্যটি ইউনিটে ভোট স্লিপ রাখতে এবং জমা দিতে সক্ষম হবেন। ভিভিপ্যাট স্লিপ ট্যালির সাথে ইলেকট্রনিক ভোটের ট্যালি মিলবে।