১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত বলে দিচ্ছে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ব্যর্থ: পুতিন

পশ্চিমা বিশ্ব ফিলিস্তিনিদের মৌলিক স্বার্থ বিবেচনায় নেয়নি বলেও মনে করেন পুতিন।

রয়টার্স

Published : 10 Oct 2023, 10:39 PM

Updated : 10 Oct 2023, 10:38 PM

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কৌশল যে কতটা ব্যর্থ সেটা ইসরায়েল-ফিলিস্তিন চলমান সংঘাত খুব ভালো ভাবে দেখিয়ে দিয়েছে বলে মঙ্গলবার মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যার কারণ হিসেবে তিনি ফিলিস্তিনি স্বার্থ উপেক্ষা করে আলোচনা একপাক্ষিক করার চেষ্টাকে দায়ী করেছেন।

সফররত ইরাকি প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানিকে পুতিন আরো বলেন, “আমার মনে হয় অনেকেই আমার সঙ্গে এ বিষয়ে একমত হবেন যে এই সংঘাত মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের নীতির ব্যর্থতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত।”

‘স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত বাস্তবায়নের প্রয়োজনীয়তা’ নিয়েও কথা বলেন তিনি। বলেন, “যুক্তরাষ্ট্র সংঘাতকে একচেটিয়াভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিল। কিন্তু দুর্ভাগ্যবশত সমঝোতার বিষয়ে তারা এমন কোনো প্রস্তাব রাখতে পারেনি যেটা দুই পক্ষের কাছেই গ্রহণযোগ্য হয়।”

পশ্চিমা বিশ্ব ফিলিস্তিনিদের মৌলিক স্বার্থ বিবেচনায় নেয়নি বলেও মনে করেন পুতিন।

পূর্ব জেরুজালেমকে রাজধানী করে পশ্চিম তীর ও গাজা ভূখণ্ডকে নিয়ে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বপ্ন বহু বছর ধরে দেখে আসছে ফিলিস্তিনিরা। ১৯৬৭ সালের যুদ্ধে যার পুরোটাই দখল করে ইরায়েল।

পুতিনের মঙ্গলবারের বক্তব্যের আগে ক্রেমলিন থেকে বলা হয়েছিল, তারা ইসরায়েল এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষ উভয়ের সঙ্গেই যোগাযোগ রাখছে এবং তাদের মধ্যে সংঘাত অবসানে ভূমিকা রাখতে আগ্রহী।