যুক্তরাষ্ট্রের সাবমেরিনের সঙ্গে জাহাজের সংঘর্ষ
পারস্য উপসাগরের হরমুজ প্রণালীতে পারমাণবিক শক্তিচালিত যুক্তরাষ্ট্রের একটি সাবমেরিনের সঙ্গে একটি সম্ভাব্য মাছধরা জাহাজের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার ভোর ৫টায় ইউএসএস জ্যাকসনভিল নামের সাবমেরিনটি পারস্য উপসাগরের সংকীর্ণ ওই প্রণালীটি পার হওয়ার সময় এ ঘটনা ঘটে।
সংঘর্ষে সাবমেরিনটির একটি পেরিস্কোপ ক্ষতিগ্রস্ত হওয়া ছাড়া অন্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্র নৌবাহিনীর এক কর্মকর্তা।
বাহরাইনভিত্তিক যুক্তরাষ্ট্র নৌবাহনীর পঞ্চম নৌবহর থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, “এই দূর্ঘটনা সম্পর্কে মাছ ধরা জাহাজটি কিছু টের পায়নি। সংঘর্ষের পরও একই গতিতে অবিচলিতভাবে চলতে থাকায় ধারণা করা হচ্ছে জাহাজটির কোনো ক্ষতি হয়নি।”
সংঘর্ষের পর আরো সংঘর্ষ এড়াতে সাবমেরিনটি পানির নিচে চলে যায় বলে জানিয়েছে পঞ্চম নৌবহর।
বিবৃতিতে জানানো হয়, সাবমেরিনটির পরমাণু চুল্লি আগের মতোই নিরাপদ আছে। সাবমেরিনের প্রপালশন প্লান্ট এবং পানিরোধী ব্যবস্থা নিয়ে উদ্বেগের কিছু নেই বলে এতে জানানো হয়েছে।
ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলেও বিবৃতিতে জানানো হয়েছে।
পরমাণু প্রকল্পে হামলা চালানো হলে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। সমুদ্রপথে সরবরাহ করা জ্বালানি তেলের ৪০ শতাংশ এই প্রণালীপথে মধ্যপ্রাচ্য থেকে সারা বিশ্বে সরবরাহ করা হয়।
