২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন জুলু রাজাকে স্বীকৃতি দিল দক্ষিণ আফ্রিকা

ঐতিহ্যবাহী জুলু জাতিগোষ্ঠীর নতুন রাজা হিসেবে মিসুজুলু কা জুয়েলিথিনিকে অবশেষে স্বীকৃতি দিয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট।

নতুন জুলু রাজাকে স্বীকৃতি দিল দক্ষিণ আফ্রিকা

ছবি: রয়টার্স

রয়টার্স

Published : 30 Oct 2022, 07:47 PM

Updated : 30 Oct 2022, 07:47 PM

দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বড় ও ঐতিহ্যবাহী জুলু জাতিগোষ্ঠীর নতুন রাজা হিসেবে মিসুজুলু কা জুয়েলিথিনিকে অবশেষে স্বীকৃতি দিয়েছেন প্রেসিডেন্ট সিরিল রামাফোসা।

তিনি নতুন জুলু রাজাকে স্বীকৃতির একটি সনদ দেন। ১৯৭১ সালের পর শনিবার প্রথম জুলু রাজ্যাভিষেক অনুষঠানের মধ্য দিয়ে তাকে এই স্বীকৃতি দিল দক্ষিণ আফ্রিকা সরকার।

উপকূলীয় ডারবান শহরের বড় ফুটবল স্টেডিয়ামে রাজকীয় আয়োজন করে জুলু রাজার হাতে স্বীকৃতিপত্র তুলে দেওয়া হয়। ১৯৯৪ সালে দক্ষিণ আফ্রিকায় গণতন্ত্র ফিরে আসার পর এটিই সেখানে প্রথম জুলু রাজ্যাভিষেক।

নতুন রাজাকে স্বীকৃতি দেওয়ার অনুষ্ঠান এতদিন আটকে ছিল আইনি বিবাদের কারণে। অবশেষে সেই প্রতিবন্ধকতার অবসান ঘটল। নতুন জুলু রাজা তার জাতিকে ঐক্যবদ্ধ রাখা এবং ঐতিহ্য রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছেন।

মিসুজুলু কা জুয়েলিথিনিকে বড় ধরনের অনুষ্ঠান করে রাজমুকুট পরানো হয়েছিল গত অগাস্টেই। এক বছর ধরে সিংহাসনের উত্তররাধিকারী হওয়া নিয়ে পারিবারিক বিরোধের পর ননগোমা প্রাসাদে এক ঐতিহ্যবাহী অনুষ্ঠানের মধ্য দিয়ে তাকে মুকুট পরানো হয়।

কিন্তু দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের কাছ থেকে স্বীকৃতি পাওয়াটাই এতদিন পর্যন্ত বাকি ছিল। এখন এই স্বীকৃতির বদৌলতে নতুন জুলু রাজা সরকারি তহবিলসহ প্রয়োজনীয় সব সমর্থন-সহযোগিতা পাবেন।

মিসুজুলু কা জুয়েলিথিনির আগে দক্ষিণ আফ্রিকায় সর্বশেষ জুলু রাজ্যাভিষেক ঘটেছিল ১৯৭১ সালে। সে সময় রাজার স্বীকৃতি পেয়েছিলেন মিসুজুলু কা-র বাবা গুডউইল জোয়েলিথিনি। তিনি ২০২১ সালের মার্চে মারা যান। এরপরই মিসুজুলু কা জুয়েলিথিনির অভিষেক হল।

নতুন জুলু রাজাকে এই জাতিগোষ্ঠীর প্রকৃত এবং একমাত্র রাজা আখ্যা দিয়ে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট রামাফোসা বলেছেন, তার সরকার গ্রামীন এলাকাকে সমৃদ্ধ করে গড়ে তোলার জন্য নতুন রাজার সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।