২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে এবার সামরিক বিমান তৈরি করবে টাটা ও এয়ারবাস

এবার ভারতেই তৈরি হবে সি ২৯৫ এয়ারক্রাফট। এর জন্য গুজরাটে কারখানা তৈরি করেছে স্পেন-ভিত্তিক এয়ারবাস ও ভারতের টাটা গ্রুপ। খরচ হবে ২১,৯০০ কোটি রূপি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2022, 09:45 PM

Updated : 28 Oct 2022, 11:40 PM

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বরাবরই মেড ইন ইন্ডিয়ার কথা বলে থাকেন। এবার ভারতীয় বিমানবাহিনীর জন্য বিমান তৈরি করতে বেসরকারি সংস্থার জন্য দরজা খুলে দিয়েছে কেন্দ্রীয় সরকার।

ভারতেই তৈরি হবে সি ২৯৫ এয়ারক্রাফট। এর জন্য পশ্চিমাঞ্চলীয় গুজরাট রাজ্যে কারখানা তৈরি করেছে স্পেনের সংস্থা এয়ারবাস ও ভারতের টাটা গ্রুপ। খরচ হবে ২১,৯০০ কোটি রূপি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রোববার এই সামরিক বিমান উৎপাদন কারখানা উদ্বোধন করবেন বলে জানিয়েছে বিবিসি।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দেশটিতে এ ধরনের প্রকল্প এটিই প্রথম। একটি বেসরকারি সংস্থা ভারতে সামরিক বিমান তৈরি করবে। এ মুহূর্তে কেবল রাষ্ট্র-মালিকানাধীন হিন্দুস্তান অ্যারোনেটিকসই সশস্ত্র বাহিনীর জন্য বিমান বানায়।

সি ২৯৫ এয়ারক্রাফট হালকা ও মাঝারি মাপের বিমান। এয়ারবাসের এই বিমান যে কোনও অভিযানে ব্যবহার করা যেতে পারে। সেকারণেই বিশ্বজুড়ে এ বিমানের চাহিদা বেশি। যেকোনো আবহাওয়ায় সমানভাবেই কার্যকর এই বিমান।

বিশ্বে ভারতই সবচেয়ে বেশি প্রতিরক্ষা সরঞ্জাম আমদানি করে। দশকের পর দশক ধরে দেশটি সামরিক হাতিয়ারের জন্য রাশিয়ার মতো দেশগুলোর ওপর নির্ভরশীল।

কিন্তু কয়েকবছর ধরে মোদীর ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সরকার বিদেশ থেকে আমদানির ওপর নির্ভরশীলতা কমিয়ে দেশীয়ভাবেই এইসব সরঞ্জাম তৈরি বাড়ানোর তাগাদা দিয়ে আসছে।

সেদিক থেকে টাটা-এয়ারবাসের যৌথভাবে সামরিক বিমান তৈরির এ প্রকল্পকে ভারতের প্রধানমন্ত্রী মোদীর ‘মেক ইন ইন্ডিয়া’ প্রচারাভিযানেরই একটি ধাপ হিসাবে দেখছেন বিশেষজ্ঞরা।

স্পেনের সংস্থা ‘এয়ারবাস ডিফেন্স অ্যান্ড স্পেস’-এর সঙ্গে ভারতীয় টাটা গোষ্ঠীর মধ্যে ২০২১ সালের সেপ্টেম্বরে এ সংক্রান্ত চুক্তি হয়।

চুক্তি অনুযায়ী, আগামী ১০ বছরে স্পেনের বিমান নির্মাতা সংস্থাটির সঙ্গে যৌথভাবে ভারতে মোট ৪০টি সি-২৯৫ মাঝারি ক্ষমতাসম্পন্ন সামরিক পরিবহন বিমান বানানো হবে।  এই বিমানগুলো ভারতীয় বিমান বাহিনীর পাঁচ দশক পুরনো অ্যাভ্রো-৭৪৮-এর স্থলাভিষিক্ত হবে।

গত বছর সেপ্টেম্বরে ভারতীয় বিমানবাহিনীর জন্য স্পেন থেকে ৫৬টি সি-২৯৫ পরিবহন বিমান কেনার প্রস্তাবে ছাড়পত্র দিয়েছিল মোদীর মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটি।

এর মধ্যে এয়ারবাসের কাছ থেকে ১৬টি বিমান ‘উড্ডয়নের উপযুক্ত অবস্থায়’ আমদানি করা হবে। বাকি ৪০টি বিমান এয়ারবাসের সহযোগিতায় ভারতেই বানানো হবে। সেই কর্মসূচিরই অংশীদার টাটা গোষ্ঠী পরিচালিত ‘টাটা অ্যাডভান্সড সিস্টেমস লিমিটেড’( টিএএসএল)।