যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা ‘তুচ্ছ’, ‘আরও বিধ্বংসী’ জবাবের হুঁশিয়ারি ইরানের
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের আগামী দুই-তিন সপ্তাহের মধ্যে ইরানে খুবই কঠিন আঘাত হানার মন্তব্যের কড়া প্রতিক্রিয়ায় এই হুঁশিয়ারি দিয়েছে তেহরান।
ইরানের সেনাবাহিনীর একজন মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ‘তুচ্ছ’ সব লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, সামনে আসছে “আরও বিস্তৃত, শক্তিশালী ও বিধ্বংসী” হামলা।
ইরানের রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) সংশ্লিষ্ট তাসনিম সংবাদমাধ্যম এবং আধা-সরকারি ফারস বার্তা সংস্থায় প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, এই দুই দেশ ইরানের সামরিক সক্ষমতা ও সরঞ্জাম সম্পর্কে ‘সম্পূর্ণ’ তথ্য জানে না।
মুখপাত্র আরও বলেন, ইরানের সামরিক সরঞ্জামের উৎপাদন “এমন জায়গায় হয়, যে সম্পর্কে আপনাদের আদৌ কোনও ধারণা নেই”।
ইরানের অস্ত্রভাণ্ডার ব্যাপকভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের এমন দাবি প্রত্যাখ্যান করেন তিনি। মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে তাদের শুরু করা আগ্রাসনের মূল্য দিতেই হবে।
এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে বলেছিলেন, মার্কিন বাহিনী আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে ইরানে খুবই কঠিন আঘাত হানবে।
ট্রাম্পের এই কথার জবাবেই সামনের দিনগুলোতে আরও বড় পরিসরে বিধ্বংসী হামলার হুঁশিয়ারি দিল ইরান।
