Published : 04 Nov 2025, 01:17 PM
ফিলিস্তিনি বন্দিদের নিগ্রহণের একটি ভিডিও ফাঁস করায় সামরিক বাহিনীর সাবেক এক শীর্ষ আইনজীবীকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি পুলিশ।
ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গাভিরের বরাতে আল জাজিরা জানিয়েছে, মেজর জেনারেল ইফাত তোমের-ইয়েরুশালমিকে সোমবার স্থানীয় সময় রাতে আটক করা হয়।
বিবিসি জানিয়েছে, মেজর জেনারেল ইয়েরুশালমি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মিলিটারি অ্যাডভোকেট জেনারেল পদ থেকে গত ৩১ অক্টোবর, শুক্রবার পদত্যাগ করেন। তিনি মিলিটারি অ্যাডভোকেট জেনারেল কোরের প্রধান ছিলেন। পদত্যাগের সময় তিনি জানান, ওই ভিডিও ফাঁসের সম্পূর্ণ দায়িত্ব তিনি গ্রহণ করছেন।
তার পদত্যাগের দিনেই ইসরায়েলি গণমাধ্যমে তার পদত্যাগপত্রের একটি কপি প্রকাশ পায়। তাতে দেখা যায়, ইয়েরুশালমি স্বীকার করছেন যে তার দপ্তর গত বছর গণমাধ্যমের কাছে ভিডিওটি ফাঁস করেছিল। ওই ফাঁসের ঘটনার জেরে বন্দিদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে ইসরায়েলি বাহিনীর অভিযুক্ত পাঁচ সামরিক সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
২০২৪ সালের অগাস্টে একটি ইসরায়েলি নিউজ চ্যানেলে সম্প্রচারিত ওই ভিডিও ফুটেজে দেখা যায়, ইসরায়েলের দক্ষিণাঞ্চলের সদে তেইমান সামরিক ঘাঁটির কারাগারে ইসরায়েলি রিজার্ভ সেনারা এক বন্দিকে একপাশে নিয়ে যাচ্ছেন, এরপর তাকে রায়ট ঢাল দিয়ে ঘিরে রেখে মারধর করেন এবং তার মলাশয়ে একটি সূঁচালো শলাকা ঢুকিয়ে দেন। মারাত্মক জখমসহ আহত ওই বন্দিকে হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হয়।
সম্প্রতি ইয়েরুশালমি স্বীকার করেন, তার অনুমতিতে তার দপ্তরই ওই ভিডিওটি ফাঁস করেছিল। নজরদারি ভিডিও ফাঁসের এই ঘটনা নিয়ে চলমান তদন্তের মধ্যে ইসরায়েলের অ্যাটর্নি জেনারেল ইয়েরুশালমিকে বাধ্যতামূলক ছুটিতে পাঠান। ছুটিতে পাঠানোর দুই দিনের মাথায় পদত্যাগ করেন তিনি।
ইয়েরুশালমি নিখোঁজ, এমন খবরের পর তেল আবিবের উত্তর দিকের একটি সৈকতে ব্যাপক তল্লাশি শুরু করে ইসরায়েলি পুলিশ
রোববার এই কাহিনী একটি অন্ধকার দিকে মোড় নেয়। খবর আসে ইয়েরুশালমি নিখোঁজ হয়েছেন। এতে তার সম্ভাব্য আত্মহত্যার উদ্যোগ নিয়ে জল্পনা শুরু হয়।
সঙ্গে সঙ্গেই পুলিশ তেল আবিবের উত্তর দিকের একটি সৈকতে ব্যাপক তল্লাশি শুরু করে। কয়েক ঘণ্টা ধরে খোঁজাখুঁজির পর তাকে পাওয়া যায়।
পুলিশ জানিয়েছে, তিনি জীবিত ও সুস্থ আছেন। তবে তাকে হেফাজতে নেওয়া হয়েছে।
ওই দিনের মধ্যেই ফাঁস হওয়া ভিডিওর প্রভাব তীব্র হয়ে ওঠে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ভিডিও ফাঁস হওয়ার ঘটনাটিকে ইসরায়েল প্রতিষ্ঠার পর থেকে সম্ভবত রাষ্ট্রটির ওপর হওয়া সবচেয়ে ‘গুরুতর জনসংযোগ আক্রমণ’ বলে অভিহিত করেন।
ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, ইয়েরুশালমিকে বুধবার দুপুর পর্যন্ত হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন তেল আবিবের একটি আদালত।
ইসরায়েলের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম কান জানিয়েছে, তার বিরুদ্ধে ‘সরকারি কর্মচারী থাকা অবস্থায় করা জালিয়াতি, বিশ্বাসভঙ্গ, পদের অপব্যবহার, বিচারে বাধা ও চাকরির শপথ ভঙ্গ করে তথ্য প্রকাশ’ এর অভিযোগ আনা হতে পারে।
ইসরায়েলি আর্মি রেডিও জানিয়েছে, এই ঘটনায় জড়িত থাকার কারণে ইসরায়েলি সামরিক বাহিনীর সাবেক প্রধান কৌঁসুলি কর্নেল মাতান সলোমেশকেও গ্রেপ্তার করা হয়েছে।
আল জাজিরা জানিয়েছে, ইয়েরুশালমিকে গ্রেপ্তারের ঘটনায় ‘ইসরায়েলে একটি তীব্র রাজনৈতিক ও আইনি বিতর্ক’ শুরু হয়েছে।