ওমানে হামলা: ভারতীয় ও পাকিস্তানি নিহত, আইএসের দায় স্বীকার
রাজধানী মাস্কাটে ওয়াদি আল-কবির এলাকায় ইমাম আলি মসজিদের কাছে এ হামলায় নিহত ৬ জনের মধ্যে চারজন পাকিস্তানি এবং একজন ভারতীয় নাগরিক।
ওমানের রাজধানী মাস্কাটে একটি শিয়া মসজিদের কাছে বিরল গুলিবর্ষণের ঘটনায় নিহত ৬ জনের মধ্যে পাকিস্তানি ও ভারতীয় নাগরিক আছে। আরও আছেন একজন পুলিশ কর্মকর্তা। আর গুলিতে আহত হয়েছে ২৮ জন। পুলিশ এ খবর জানিয়েছে।
সুন্নি মুসলিম জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এই হামলার দায় স্বীকার করে জানিয়েছে, তাদের তিন সদস্য এই হামলা জড়িত।
সোমবার রাতে ওয়াদি আল-কবির এলাকায় ইমাম আলি মসজিদের কাছে এ হামলা হয়। তিন হামলাকারীকে নিরাপত্তা বাহিনী হত্যা করেছে বলে এক বিবৃতিতে জানানো হয়েছে।
পুলিশ হামলার শিকার ব্যক্তি এবং হামলাকারীদের পরিচয় সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি। হামলকারীর উদ্দেশ্য কি ছিল তাও জানানো হয়নি।
তবে পাকিস্তান জানিয়েছে, এই হামলায় নিহতদের মধ্যে তাদের চার নাগরিক আছে। ওদিকে, ভারতও জানিয়েছে, নিহতদের মধ্যে একজন তাদের নাগরিক।
বিবিসি জানায়, আইএস এর সমর্থকরা স্যোশাল মিডিয়ায় ওমানে এই গুলির ঘটনায় উল্লাস করেছে। সুন্নি এই জঙ্গি গোষ্ঠীটি বারবারই ইরাক, আফগানিস্তান এবং পাকিস্তানের মতো দেশগুলোতে শিয়াদের বিভিন্ন অনুষ্ঠান, মিছিল-মিটিং কিংবা পূণ্যার্থীদের হামলার নিশানা করেছে।
কিন্তু ওমানে এর আগে গোষ্ঠীটি কোনও হামলা চালানোর দায় স্বীকার করেনি। ওমানে শিয়ারা সংখ্যালঘু।
সামাজিক যোগাযোগমাধ্যমে আসা ছবি ও ভিডিওতে গুলির ঘটনার সময় মানুষদের মসজিদের সামনে আতঙ্কে ছুটোছুটি করতে দেখা যায়। গুলি চলার শব্দও শোনা যায়।
ওমানে ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে হামলার ঘটনায় এক ভারতীয় নাগরিকের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। ওদিকে, ওমানের পাকিস্তানি দূতাবাসও নিহত ৪ পাকিস্তানির নাম প্রকাশ করেছে। তারা আরও জানায়, ৩০ জন পাকিস্তানি হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।
মুহররম মাসের নবম দিনে মসজিদের কাছে হামলা হয়। আশুরা উপলক্ষে এ সময় শিয়া মুসলিমরা মসজিদে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনে জড়ো হয়েছিলেন।
