২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজায় ‘গণহত্যায়’ নোবেল বিজয়ী নিন্দা জানানোয় ইসরায়েলের প্রতিবাদ

ইয়েমেনের নোবেল পুরস্কার বিজয়ী মানবাধিকার কর্মী তাওয়াক্কুল কারমানের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে হলি সি’র ইসরায়েলি দূতাবাস।

গাজায় ‘গণহত্যায়’ নোবেল বিজয়ী নিন্দা জানানোয় ইসরায়েলের প্রতিবাদ
ছবি: রয়টার্স

বিডিনিউজ২৪

রয়টার্স

Published : 13 May 2024, 09:57 PM

Updated : 26 Aug 2026, 09:35 AM

ভ্যাটিকানের আয়োজিত এক অনুষ্ঠানে গাজায় ইসরায়েলি ‘গণহত্যার’ নিন্দা জানিয়েছিলেন ইয়েমেনের নোবেল পুরস্কার বিজয়ী মানবাধিকার কর্মী তাওয়াক্কুল কারমান। 

সোমবার তার এই নিন্দার প্রতিবাদ জানিয়েছে হলি সি’র ইসরায়েলি দূতাবাস।

দূতাবাস বলেছে, পোপ ফ্রান্সিসের ফ্রেটেলি তুত্তি ফাউন্ডেশন আয়োজিত শনিবার সন্ধ্যার অনুষ্ঠানে মানবাধিকার কর্মী ও নোবেল বিজয়ী তাওয়াক্কুল কারমান যে মন্তব্য করেছেন, তা তাদের কাছে ধিক্কার বলে মনে হয়েছে এবং এতে তারা হতভম্ব হয়েছে।

আরব বসন্তের বিক্ষোভে ভূমিকার জন্য ২০১১ সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন তাওয়াক্কুল কারমান।  

ভ্যাটিকানে শনিবারের অনুষ্ঠানে সেন্ট পিটার্স ব্যাসিলিকায় দাঁড়িয়ে উপস্থিত শ্রোতাদের উদ্দেশে তিনি বলেছিলেন, “গাজায় ফিলিস্তিনি জনগণের ওপর চালানো গণহত্যা এবং জাতিগত নির্মূলের সামনে নিশ্চুপ হয়ে আছে বিশ্ব।”

কারমানের সেই মন্তব্যেরই প্রতিবাদ জানিয়েছে ইসরায়েল। সোমবার সামাজিক প্ল্যাটফর্ম এক্স-এ দেওয়া এক পোস্টে একটি খোলা চিঠিতে ইসরায়েলি দূতাবাস কারমানের অভিযোগকে ‘মিথ্যা’ বলে প্রত্যাখ্যান করেছে।

পোস্টে ইসরায়েলি দূতাবাস আরও বলেছে, “আমরা খেদ প্রকাশ করছি এজন্য যে, এমন বক্তব্য উচ্চারিত হলেও তা বন্ধ করার নৈতিক দায়িত্ব কেউ অনুভব করেনি।”

গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ভ্যাটিকান এবং ইসরায়েলের মধ্যে সম্পর্কে উত্তেজনা বেড়েছে।

পোপ ফ্রান্সিসের বিরুদ্ধে ইহুদি গোষ্ঠীগুলোর অভিযোগ, গতবছর ৭ অক্টোবর ইসরায়েলে ঢুকে হামাসের হামলার পর ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হত্যাযজ্ঞকে পোপ ইসরায়েলের আত্মরক্ষামূলক অভিযান হিসেবে বর্ণনা করতে ব্যর্থ হয়েছেন।