২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাম্প-পুতিন বৈঠকের আগে ইউক্রেইনে আচমকা অগ্রগতির চেষ্টা রাশিয়ার

ইউক্রেইনের দোনেৎস্ক অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ নিতে অভিযান শুরু করেছিল রাশিয়া। সেই অভিযানের অংশ হিসাবে রুশ সেনারা সাম্প্রতিক দিনগুলোতে অন্তত ১০ কিলোমিটার উত্তরে অগ্রসর হয়েছে।

ট্রাম্প-পুতিন বৈঠকের আগে ইউক্রেইনে আচমকা অগ্রগতির চেষ্টা রাশিয়ার
ছবি: বিবিসি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2025, 12:20 AM

Updated : 26 Aug 2026, 01:34 PM

আলাস্কায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকের আগে দিয়ে পূর্ব ইউক্রেইনে কয়লা খনির শহর ডোব্রোপিলিয়ার কাছে আচমকা হামলে পড়েছে রাশিয়ার সেনাবাহিনী।

এর মধ্য দিয়ে মস্কো হয়ত কিইভকে ভূখণ্ড ছেড়ে দিতে তাদের ওপর চাপ বাড়ানোর চেষ্টা নিয়েছে। মঙ্গলবার ইউক্রেইনের ‘ডিপস্টেট যুদ্ধ মানচিত্রে’ দেখা গেছে, রাশিয়ার সেনারা সাম্প্রতিক দিনগুলোতে দুই দিক থেকে কমপক্ষে ১০ কিলোমিটার উত্তরে অগ্রসর হয়েছে। 

ইউক্রেইনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ নিতে অভিযান শুরু করেছিল রাশিয়া। সেই অভিযানের অংশ হিসাবেই এ অগ্রগতি।

ডিপস্টেট জানিয়েছে, ইউক্রেইনের কোস্টিয়ান্টিনিভকা এবং পোকরোভস্ক শহরের পরিধির তিনটি গ্রামের কাছে পৌঁছে গেছে রুশ সেনারা। তারা ওই অঞ্চলটি ঘিরে ফেলার চেষ্টা করছে।

ডিপস্টেট টেলিগ্রাম চ্যানেলে এক বিবৃতিতে বলেছে,  “পরিস্থিতি খুবই বিশৃঙ্খল। শত্রুরা প্রতিরক্ষায় ফাঁক খুঁজে পেয়ে ইউক্রেইনের আরও গভীরে প্রবেশ করছে। আরও অগ্রগতির জন্য ওই এলাকায় দ্রুত আরও বাহিনী জড়ো করার চেষ্টা করছে শত্রুরা।”

আগামী শুক্রবার আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে ট্রাম্পের। সেই বৈঠকে পুতিনের সঙ্গে ইউক্রেইন ও রাশিয়াকে একে অপরের কাছে কিছু ভূখণ্ড ছাড় দেওয়া নিয়ে কথা বলবেন বলে জানিয়েছেন ট্রাম্প।

বেশ কয়েকটি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, পুতিন এরই মধ্যে ট্রাম্পকে জানিয়েছেন, তিনি চান দোনেৎস্ক অঞ্চলের যে অংশ রাশিয়ার দখলে নেই, তা যেন হস্তান্তর করে ইউক্রেইন।

ফলে বৈঠকের আগে দিয়ে ইউক্রেইনের পূর্বাঞ্চলে রাশিয়ার আচমকা আগ্রগতির চেষ্টাকে কৌশলগত বলে মনে করছেন ইউক্রেইনের সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা তাতারিগামি।

তিনি জানান, অতীতে দুইবার আলোচনার আগে এভাবে রাশিয়া বড় ধরনের হামলা চালিয়েছিল। আলোচনার টেবিলে লাভ আদায় করার এটি এক ধরনের কৌশল রাশিয়ার।

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রণালয় যুদ্ধের সম্মুখসারিতে সেনারা তাদের অবস্থান সুসংহত করেছে বলে জানিয়েছে।

ওদিকে, ইউক্রেইনের সেনাবাহিনী বলছে, তারা পোকরোভস্ক এবং ডেব্রোপিলিয়া শহরের কাছে কঠিন লড়াই চালাচ্ছে এবং রুশ সেনাদের ছোট ছোট দলগুলোর অগ্রগতি ঠেকানোর চেষ্টা করছে।