Published : 15 Jan 2026, 11:52 AM
থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ক্রেন ভেঙে পড়ে ৩২ জন নিহত হওয়ার একদিন পর ক্রেন ভেঙে গাড়ির ওপর পড়ার আরেক ঘটনায় আরও দুইজন নিহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবারের এ ঘটনাটি ঘটেছে রাজধানী ব্যাংককের নিকটবর্তী সমুত সাখোন প্রদেশে। এখানে ক্রেনটি ভেঙে দুটি গাড়ির ওপর পড়েছে।
স্থানীয় জেলা পুলিশ সুপার কর্নেল সিত্তিপর্ণ কাসির বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, একটি এলিভেটেড মহাসড়ক নির্মাণে ক্রেনটি ব্যবহার করা হচ্ছিল, এরই এক পর্যায়ে ক্রেনটি ভেঙে নিচের রাস্তায় গাড়ির ওপর গিয়ে পড়ে।
আরেক পুলিশ কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।
আগের দিন বুধবার দেশটির নাখন রাচাসিমা প্রদেশে নির্মাণ কাজে ব্যবহৃত বিরাট এক ক্রেন একটি চলন্ত ট্রেনের ওপর ভেঙে পড়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩২ জনে দাঁড়ায়। এখানেও একটি এলিভেটেড হাই-স্পিড রেল প্রকল্পের নির্মাণকাজে এই ক্রেনটি ব্যবহার করা হচ্ছিল।
এ ঘটনায় ট্রেনটির ১৯৫ জন যাত্রীর মধ্যে ৩২ জন নিহত হওয়ার পাশপাশি আরও ৬৬ জন আহত হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এ ঘটনা নিয়ে একটি তদন্ত শুরু করা হয়েছে।
আরও পড়ুন:
থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ক্রেন ভেঙে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৩২