Published : 07 May 2026, 07:18 PM
যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিমানবহর ‘এয়ার ফোর্স ওয়ান’-এ যুক্ত হতে যাচ্ছে কাতার থেকে উপহার হিসেবে পাওয়া বোয়িং ৭৪৭ উড়োজাহাজ।
আগামী ৪ জুলাইয়ের স্বাধীনতা দিবসেই উড়োজাহাজটি প্রেসিডেন্টের জন্য ব্যবহারের উপযোগী করে বহরে অন্তর্ভুক্ত করার লক্ষ্য নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা ও সংশ্লিষ্ট সূত্র একথা জানিয়েছেন।
২০২৫ সালে কাতারের কাছ থেকে এই বিলাসবহুল বিমানটি উপহার হিসেবে গ্রহণ করে হোয়াইট হাউজ। এরপর বিমান বাহিনীকে দ্রুততম সময়ের মধ্যে এটিকে প্রেসিডেন্সিয়াল মানে উন্নীত করার নির্দেশ দেওয়া হয়।
উড়োজাহাজটি আধুনিকায়নের কাজ করছে এলথ্রিহ্যারিস। তারা নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে পারলে স্বাধীনতা দিবসের আগেই ট্রাম্প এটিকে এয়ার ফোর্স ওয়ান হিসাবে নিজেই ব্যবহারের জন্য পেয়ে যাবেন।
সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ৪ জুলাইয়ের সময়সীমা থাকলেও আগামী ১৪ জুন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের জন্মদিনে উড়োজাহাজটি হস্তান্তরের প্রচেষ্টা চলছে।
কাতার রাজপরিবারের কাছ থেকে প্রায় ৪০ কোটি ডলার মূল্যের এই উড়োজাহাজ উপহার হিসেবে গ্রহণ করায় ডেমোক্র্যাট ও সুশাসন নিয়ে কাজ করা সংগঠনগুলো তীব্র সমালোচনা করেছে। তাদের কথায়, এতে স্বার্থের সংঘাত দেখা দিতে পারে। তবে ট্রাম্প এমন সমালোচনা প্রত্যাখ্যান করেছেন।
ট্রাম্পের মতে, এমন প্রস্তাব ফিরিয়ে দেওয়া হবে ‘বোকামি’। বর্তমানে উড়োজাহাজটি মডিফিকেশন ও ফ্লাইট টেস্ট শেষ করে রঙের (পেন্টিং) পর্যায়ে রয়েছে।
উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট যে বিমানেই ভ্রমণ করেন, সেটিকে ‘এয়ার ফোর্স ওয়ান’ বলা হয়। তবে কাতারের দেওয়া এই বিশেষ উড়োজাহাজটিতে অত্যাধুনিক নিরাপত্তা ব্যবস্থা, সুরক্ষিত যোগাযোগ নেটওয়ার্ক এবং ক্ষেপণাস্ত্র হামলা প্রতিরোধের প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
বোয়িংয়ের মাধ্যমে দুটি ৭৪৭-৮ উড়োজাহাজকে পরবর্তী প্রজন্মের প্রেসিডেন্সিয়াল বিমানে রূপান্তরের মূল প্রকল্পটি নির্ধারিত সময়ের চেয়ে চার বছর পিছিয়ে আছে। ২০২৮ সালের আগে সেগুলোর ডেলিভারি পাওয়ার সম্ভাবনা কম।
এতে ট্রাম্পের মেয়াদ শেষ হওয়ার আগে নতুন বিমান পাওয়ার বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছিল। ৩৯০ কোটি ডলারের সেই প্রকল্পের খরচ বর্তমানে ৫০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে।
মূলত এই বিলম্বের কারণেই কাতারের উপহার দেওয়া বিমানটি দ্রুত প্রস্তুত করার ওপর জোর দিচ্ছে হোয়াইট হাউজ।
সম্প্রতি মার্কিন বিমান বাহিনী তাদের প্রেসিডেন্সিয়াল বহরের জন্য লাল, সাদা, গাঢ় নীল এবং সোনালি রঙের সমন্বয়ে একটি নতুন নকশা (পেইন্ট স্কিম) উন্মোচন করেছে। প্রেসিডেন্ট ট্রাম্প দীর্ঘদিন ধরেই এই রঙের নকশার পক্ষে ছিলেন।
কেনেডি আমল থেকে চলে আসা সাদা ও দুই শেডের নীল রঙের বদলে এই নতুন রূপটি যুক্ত করা হচ্ছে।
এছাড়া গত ডিসেম্বরে প্রশিক্ষণের জন্য এবং খুচরা যন্ত্রাংশের উৎস হিসেবে লুফথানসার কাছ থেকে দুটি পুরোনো ৭৪৭-৮আই উড়োজাহাজ ৪০ কোটি ডলারে কিনেছে মার্কিন বিমান বাহিনী।
১৯৯০ সাল থেকে সেবায় থাকা বর্তমান বিমান বহর অবসরে পাঠানোর প্রস্তুতির অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।