ইউক্রেইন নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য ‘দাবিনামা পেশ রাশিয়ার’
ওয়াশিংটনের যুদ্ধবিরতি প্রস্তাবে প্রেসিডেন্ট পুতিন সম্মতি দেবেন কি না, তা জানার অপেক্ষায় আছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প।
ইউক্রেইনের বিরুদ্ধে যুদ্ধ শেষ করতে একটি চুক্তির জন্য এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুনর্স্থাপনে নিজেদের দাবিনামার তালিকা পেশ করেছে রাশিয়া; বিষয়টি সম্পর্কে জ্ঞাত দুই ব্যক্তি রয়টার্সকে এমনটি জানিয়েছেন।
রয়টার্স লিখেছে, প্রকৃতপক্ষে মস্কো তাদের তালিকায় কী অন্তর্ভুক্ত করেছে এবং তারা ওয়াশিংটনের দেওয়া শান্তি প্রস্তাব মেনে নেওয়া কিইভের সঙ্গে আলোচনায় বসতে ইচ্ছুক কি না, তা পরিষ্কার হয়নি।
ওই দুই ব্যক্তি জানিয়েছেন, রুশ ও মার্কিন কর্মকর্তারা গত তিন সপ্তাহ ধরে ব্যক্তিগতভাবে এবং ভার্চুয়ালি কথা বলার সময় ওই শর্তগুলো নিয়ে আলোচনা করেছেন। তারা জানান, ক্রেমলিনের শর্তের আওতা বিস্তৃত এবং তারা আগেও ইউক্রেইন, যুক্তরাষ্ট্র ও নেটোর কাছে যেসব দাবি উত্থাপন করেছিল নতুনগুলোও প্রায় একই।
আগে রাশিয়া যে সব শর্ত দিয়েছিল সেগুলো ছিল, কিইভকে নেটো সদস্যপদ না দেওয়া, ইউক্রেইনে বিদেশি সেনা মোতায়েন করা হবে না মর্মে সমঝোতা এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দাবিকৃত ক্রাইমিয়া ও চারটি প্রদেশ রাশিয়ার অন্তর্ভুক্ত এটি মেনে নেওয়া।
গত কয়েক বছর ধরে রাশিয়া আরেকটি দাবি তুলেছে আর সেটি হল, নেটোর পূর্বমুখি সম্প্রসারণসহ তাদের কথিত ইউক্রেইন যুদ্ধের ‘মূল কারণ’ এর সমাধান যুক্তরাষ্ট্র ও নেটোকে করতে হবে।
ওয়াশিংটনের দেওয়া ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিয়েছেন ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এটিকে শান্তি আলোচনার পথে প্রথম পদক্ষেপ বলে অভিহিত করেছেন তিনি।
এখন প্রেসিডেন্ট পুতিন এ প্রস্তাবে সম্মতি দেন কি না, তা জানার অপেক্ষায় আছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
একটি সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তির বিস্তারিত চূড়ান্ত করা এখনও বাকি, তবে এর প্রতি পুতিনের অঙ্গীকার এখনও অনিশ্চিত।
কিছু মার্কিন কর্মকর্তা, আইনপ্রণেতা ও বিশেষজ্ঞদের আশঙ্কা সাবেক কেজিবি কর্মকর্তা পুতিন একটি যুদ্ধবিরতিকে যুক্তরাষ্ট্র, ইউক্রেইন ও ইউরোপের মধ্যে বিভেদ আরও তীব্র করার উদ্দেশ্যে ব্যবহার করতে পারেন।
এ বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে ওয়াশিংটনের রুশ দূতাবাস এবং হোয়াইট হাউজ তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
কিইভে ইউক্রেইনের প্রেসিডেন্ট জেলেনস্কি চলতি সপ্তাহে সৌদি আরবে মার্কিন ও ইউক্রেইনীয় কর্মকর্তাদের মধ্যে হওয়া বৈঠককে ‘গঠনমূলক’ বলে বর্ণনা করেছেন। রাশিয়ার সঙ্গে সম্ভাব্য ৩০ দিনের যুদ্ধবিরতির সময়টিকে একটি বিস্তৃত শান্তি চুক্তির খসড়া প্রস্তুতের জন্য ব্যবহার করা যেতে পারে বলে মন্তব্য করেছেন।
