০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

যুক্তরাষ্ট্রে নার্সিং হোমে জোড়া বিস্ফোরণ ও আগুনে অন্তত ২ জন নিহত

ফিলাডেলফিয়া শহর থেকে প্রায় ৩৩ কিলোমিটার উত্তরপূর্বে ব্রিস্টল টাউনশিপের সিলভার লেক নার্সিং হোমে ঘটনাটি ঘটে।

যুক্তরাষ্ট্রে নার্সিং হোমে জোড়া বিস্ফোরণ ও আগুনে অন্তত ২ জন নিহত
জরুরি পরিষেবার কর্মীরা এসে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বলে দেখতে পায়। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2025, 01:02 PM

Updated : 26 Aug 2026, 05:23 PM

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া শহরের কাছে একটি নার্সিং হোমে জোড়া বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত দুইজন নিহত ও আরও পাঁচজন নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। 

কর্মকর্তারা জানিয়েছেন, আপতভাবে ধারণা করা হচ্ছে যে একটি গ্যাস লিক থেকে বিস্ফোরণের ঘটনা দুটি ঘটেছে। এতে ভবনটি একটি অংশ ধসে পড়েছে। হতাহতদের খোঁজে সেখানে নিবিড় তল্লাশি চালানো হচ্ছে।    

স্থানীয় সময় মঙ্গলবার পেনসিলভ্যানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়া শহর থেকে প্রায় ৩৩ কিলোমিটার উত্তরপূর্বে ব্রিস্টল টাউনশিপের সিলভার লেক নার্সিং হোমে ঘটনাটি ঘটে। বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের কয়েক ঘণ্টা পরও পাঁচজন নিখোঁজ আছেন বলে ধারণা করা হচ্ছে, ব্রিস্টল টাউনশিপের ফায়ার মার্শাল কেভিন ডিপোলিটোর বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স।  

ডিপোলিটো জানান, দুজন নিহত হওয়ার পাশাপাশি আরও অনেকে আহত হয়েছেন। ভবনটির ধসে পড়া অংশে বহু রোগী ও কর্মী আটকা পড়েছিলেন, পরে তাদের উদ্ধার করা হয়। 

স্থানীয় সময় দুপুর ২টার একটু পর বাক্স কাউন্টির জরুরি পরিষেবা বিস্ফোরণের খবর পায়। জরুরি পরিষেবার কর্মীরা এসে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বলে দেখতে পায়। ভবনটির প্রথম তলার অংশ চূর্ণবিচূর্ণ হয়ে নিচের বেসমেন্টে ভেঙে পড়ে, জানান ডিপোলিটো।

তিনি আরও জানান, ধ্বংসাবশেষ, আটকে থাকা সিঁড়ি ও লিফট থেকে অসংখ্য ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। দমকল কর্মীরা ঝুঁকি নিয়ে ধসে পড়া বেসেমেন্ট অংশ প্রবেশ করে অন্তত আরও দুইজনকে উদ্ধার করে নিয়ে আসে, পরে গ্যাসের ধোঁয়ার মধ্যে পিঁছু হটতে বাধ্য হয়।

বিস্ফোরণে ভবনের ভেতরের অংশ ধসে পড়লেও বাইরের কাঠামো অনেকটা অক্ষত আছে। ছবি: রয়টার্স 

বিস্ফোরণে ভবনের ভেতরের অংশ ধসে পড়লেও বাইরের কাঠামো অনেকটা অক্ষত আছে

ডিপোলিটো বলেন, “আমরা যতজনকে পেরেছি বের করে এনেছি, যাদের পেয়েছি, যাদের দেখেছি; তারপর আমরা ভবনটি থেকে বের হয়ে আসি। আমরা ভবন থেকে বের হওয়ার প্রায় ১৫ থেকে ৩০ সেকেন্ডের মধ্যে সেখানে আরেকটি বিস্ফোরণ ঘটে ও আগুন ধরে যায়। সেখানে আমাদের আশপাশে প্রাকৃতিক গ্যাসের তীব্র গন্ধ পাওয়া যাচ্ছিল।”      

ঘটনাস্থল থেকে আসা রয়টার্সের একটি ছবি থেকে ধারণা পাওয়া গেছে, বিস্ফোরণে ভবনের ভেতরের অংশ ধসে পড়লেও বাইরের কাঠামো অনেকটা অক্ষত আছে, তবে অধিকাংশ জানালা ছিন্নভিন্ন হয়ে গেছে।  

গণমাধ্যমে আসা ভিডিও ফুটেজে দেখা গেছে, প্রথম বিস্ফোরণের পর ভেঙে পড়া ভবনটি থেকে আগুনের শিখা ও ধোঁয়া বের হচ্ছে। 

রয়টার্স জানিয়েছে, বিস্ফোরণের সময় নার্সিং হোমটিতে কতোজন রোগী ও কর্মী ছিলেন তা নির্দিষ্টভাবে জানা যায়নি। সরকারি মেডিকেয়ার প্রদানকারী ওয়েবসাইট অনুযায়ী, নার্সিং হোমটি ১৭৪টি বেড রাখার জন্য নিবন্ধিত ছিল। 

নার্সিং হোমটির একজন নার্সের বরাতে স্থানীয় এক গণমাধ্যম জানিয়েছে, যে কোনো সময় নার্সিং হোমটিতে ৫০ থেকে ৯৫ বছর বয়সী ৫০ জনেরও বেশি রোগী থাকে। 

ডিপোলিতো জানিয়েছেন, ঘটনার প্রায় পাঁচ ঘণ্টা পর নার্সিং হোমের কর্মকর্তারা কর্তৃপক্ষকে জানিয়েছেন যে তাদের সব রোগী নিরাপদে আছেন।