২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের খার্ক দ্বীপে হামলার নির্দেশ কেন দিলেন ট্রাম্প?

ইরানের মোট তেল রপ্তানির ৯০ শতাংশই পরিচালিত হয় খার্ক দ্বীপের মাধ্যমে। হরমুজ প্রণালি খুলে দিতে ইরানকে মার্কিন প্রেসিডেনন্টের বেঁধে দেওয়া সময়সীমা শেষের আগে দিয়ে দ্বীপটিতে ফের হামলা হয়েছে।

ইরানের খার্ক দ্বীপে হামলার নির্দেশ কেন দিলেন ট্রাম্প?
ইরানের খার্ক দ্বীপ। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2026, 09:45 PM

Updated : 26 Aug 2026, 03:21 PM

হরমুজ প্রণালির কাছে অবস্থিত ইরানের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খার্ক দ্বীপে মঙ্গলবার নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দ্বীপের সামরিক লক্ষ্যবস্তুগুলোতে এই হামলা হয়েছে, তেলক্ষেত্রগুলোতে নয় বলে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা।

হরমুজ প্রণালি খুলে দিতে ইরানকে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বেঁধে দেওয়া সময়সীমা শেষের মাত্র কয়েক ঘণ্টা আগে এই হামলা হয়। গত মার্চ মাসের মাঝামাঝিতে খার্ক দ্বীপে হামলার পর এ নিয়ে দ্বিতীয়বার যুক্তরাষ্ট্র দ্বীপটিতে হামলা চালাল। 

কেন আবার খার্কে হামলার নির্দেশ দিলেন ট্রাম্প? যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, পারস্য উপসাগরের উত্তরে অবস্থিত এই ছোট্ট দ্বীপ থেকে ইরানের মোট ৯০ শতাংশ তেল রপ্তানি হয়। 

মূলত অবরুদ্ধ হরমুজ প্রণালি সচল করতে ইরানের ওপর চাপ সৃষ্টি করতেই ট্রাম্প এই হামলার নির্দেশ দিয়েছেন। তিনি হরমুজ প্রণালি খোলার জন্য ইরানকে মঙ্গলবার রাত ৮ টা পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছেন। 

সেই সময়সীমা প্রায় শেষ হয়ে আসার মধ্যেই ট্রাম্প নতুন করে খার্কে হামলা চালালেন। মঙ্গলবারের (৭ এপ্রিল) এই হামলায় খার্কের ৫০ টির বেশি নিশানায় আঘাত হানা হয়েছে। এর আগে গত মার্চের ৯০ টির বেশি নিশানায় হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র।

সেবারও হামলা হয়েছিল সামরিক স্থাপনাগুলোতে। তবে ইরান যদি আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালি খুলে না দেয়, তবে খার্কের জ্বালানি স্থাপনাগুলোকে আর হামলা থেকে রেহাই দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়ে রেখেছেন ট্রাম্প।

খার্ক দ্বীপ নিয়ে ট্রাম্পের হুমকি:

এর আগে বিভিন্ন সময়ে খার্ক দ্বীপে বোমা হামলা চালানো বা দ্বীপটি দখল করে নেওয়ার হুমকি দিয়েছিলেন ট্রাম্প। গত ৩০ মার্চ নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ তিনি লিখেছিলেন, “আমরা ইরানের প্রতিটি বিদ্যুৎকেন্দ্র, তেলকূপ এবং খার্ক দ্বীপ (এবং সম্ভবত সব কটি পানি শোধনাগার) সম্পূর্ণ উড়িয়ে দিয়ে ও গুঁড়িয়ে দিয়ে আমাদের এই চমৎকার ‘অবস্থান’ শেষ করব।”

ফাইন্যান্সিয়াল টাইমস-পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারেও ট্রাম্প এই স্থাপনাটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। তিনি বলেছিলেন, “হয়ত আমরা খার্ক দ্বীপ দখল করব, অথবা করব না। আমাদের হাতে অনেক বিকল্প আছে।”

সোমবার ট্রাম্প জানান, তিনি ইরান সরকারের ওপর প্রচণ্ড বিরক্ত এবং এর জন্য তাদের ‘বড় মূল্য দিতে হবে’।

খার্ক দ্বীপের গুরুত্ব

ইরানের মোট তেল রপ্তানির ৯০ শতাংশই পরিচালিত হয় খার্ক দ্বীপের মাধ্যমে। দেশটির মূল ভূখণ্ডের উপকূলীয় এলাকাগুলো বড় ট্যাংকার ভেড়ানোর জন্য যথেষ্ট গভীর না হওয়ায় জ্বালানি বাণিজ্যের ক্ষেত্রে এই দ্বীপটি অপরিহার্য।

কুয়েত ও সৌদি আরবে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোর ঠিক বিপরীতে হওয়ায় যে কোনো বড় সংঘাতে এই দ্বীপটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকে। 

বিশ্বের অন্যতম ব্যস্ত জ্বালানি সরবরাহ পথ হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার যে সিদ্ধান্ত ইরান নিয়েছে, তার ফলে তেলের বাজারে চলমান অস্থিরতার মধ্যেই এই দ্বীপে নতুন করে হামলার খবর এল।