ইতালি উপকূলে জাহাজ-ডুবি, ৫৯ জনের মৃত্যু
জাহাজে অন্তত ১৫০ মানুষ ছিল। ৮০ জন বেঁচে গেছে।
ইতালির দক্ষিণাঞ্চলীয় উপকূলে উত্তাল সমুদ্রে জাহাজ ডুবিতে অন্তত ৫৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। এর মধ্যে ১২ জন শিশু বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ইতালির কোস্ট গার্ড জানিয়েছে, ৮০ জনকে জীবিত পাওয়া গেছে। কেউ কেউ সাঁতরে তীরে চলে আসতে পেরেছে।
ক্যালাব্রিয়া উপকূলের সাগর তীরবর্তী রেসোর্ট স্টেকাটো ডি কুত্রর কাছে জাহাজ ডুবি হয়।
ক্যালাব্রিয়া অঞ্চলের উপকূলীয় ক্রোটোন শহরের কাছে ভেড়ার চেষ্টা করার সময় জাহাজটি পাথরে টক্কর খেয়ে ভেঙে যায়। যারা বেঁচে ফিরে এসেছেন তারা বলছেন, জাহাজটিতে অন্তত ১৫০ ছিল।
তবে জাহাজটি ভেঙে যাওয়ার সময় সেটিতে আসলেই কত মানুষ ছিল সেটি স্পষ্ট নয়। উদ্ধারকর্মীরা বলছেন, জাহাজটি ২শ’র বেশি মানুষ বহন করছিল। সেটিই হয়ে থাকলে এখনও ৬০ জনের বেশি মানুষ নিখোঁজ থাকার কথা।
ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি এক বিবৃতিতে জাহাজডুবির ঘটনাকে বড় ধরনের এক মর্মান্তিক ঘটনা বলে বর্ণনা করেছেন। ৩০ জন এখনও নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন তিনি।
উন্নত জীবনের আশায় ইউরোপে যেতে এভাবে ঝুঁকি নিয়ে সমুদ্র পাড়ি বন্ধ হওয়া ‘অপরিহার্য’ মন্তব্য করেন তিনি বলেন, এতে কেবল পাচারকারীদের ফায়দা হয়, আর আজকের মতো এমন সব মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
তুরস্ক থেকে কয়েকদিন আগে রওনা দেওয়া জাহাজটিতে ইরান, সোমালিয়া পাকিস্তান এবং আফগানিস্তান থেকে আসা অভিবাসনপ্রত্যাশীরা ছিল।
