২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিবিসি’র সাবেক আফগান সাংবাদিকদের নেওয়া হতে পারে যুক্তরাজ্যে

তালেবান প্রশাসন তাদের গুপ্তচর মনে করে এবং একজন সাংবাদিক জানিয়েছেন, তাকে গুলি করে হত্যার চেষ্টাও হয়েছে।

বিবিসি’র সাবেক আফগান সাংবাদিকদের নেওয়া হতে পারে যুক্তরাজ্যে

ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2023, 10:07 PM

Updated : 14 Feb 2023, 10:14 PM

এক সময় বিবিসির জন্য কাজ করা আফগানিস্তানের আটজন সাংবাদিক এক বছরের বেশি সময় ধরে আত্মগোপনে আছেন। যুক্তরাজ্যের একজন বিচারক দেশটির মন্ত্রীদের ওই সাংবাদিকদের দুর্দশার বিষয়টি পুনরায় মূল্যায়ন করে দেখার নির্দেশ দিয়েছেন।

অভ্যুত্থানের মাধ্যমে ২০২১ সালের অগাস্টে পুনরায় আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান। ওই সময় বিভিন্ন দেশ উড়োজাহাজ পাঠিয়ে নিজ নিজ নাগরিক এবং তাদের হয়ে কাজ করা আফগানদের সেখান থেকে উদ্ধার করে নিয়ে যায়।

যুক্তরাজ্যও তাদের নাগরিক এবং কর্মীদের নিয়ে যায়। কিন্তু আফগানিস্তানের নাগরিক ওই আট সাংবাদিক ‘নিরাপত্তার কারণ দেখিয়ে’ যুক্তরাজ্য যেতে চাইলেও তাদের তখন নেওয়া হয়নি।

তারপর থেকে তারা সবাই আত্মগোপনে আছেন বলে জানায় বিবিসি।

তারা যুক্তরাজ্যে যাওয়ার আবেদন করলেও এক বছর পর সেই আবেদনে সাড়া দেন দেশটির মন্ত্রীরা। তারা সাংবাদিকদের আবেদন বাতিল করেন।

ওই সাংবাদিকদের একজন সোমবার বিবিসি-কে বলেন, তালেবান প্রশাসন বিশ্বাস করে তারা যুক্তরাজ্যের হয়ে গুপ্তচরবৃত্তি করতেন। এরই মধ্যে তাকে গুলি করে হত্যার চেষ্টা হয়েছে বলেও দাবি করেন তিনি।

ওই আট সাংবাদিকের সবাই দীর্ঘদিন ধরে বিবিসি’র হয়ে আফগানিস্তানে কাজ করেছেন। তাদের কেউ কেউ আরও সরাসরি খোদ ব্রিটিশ সরকারের হয়ে তাদের বিভিন্ন প্রকল্পে কাজ করেছেন।

এখন তারা ও তাদের পরিবার তালেবান প্রশাসনের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন।

লন্ডন হাই কোর্ট থেকে বলা হয়, ওই সাংবাদিকদের একজনের গাড়িতে বোমা পেতে রাখা হয়েছিল। আরেকজনকে জনসম্মুখেই গুলি করা হয়। গুলিতে ওই সাংবাদিকের পরিবারের একজন গুরুতর আহত হন।

আরও দুইজনকে ধরে নিয়ে গিয়ে বিবিসি-তে তাদের কাজের ধরণ নিয়ে জিজ্ঞাসাবাদ ও নির্যাতন করা হয়েছে।

২০২১ সালের অগাস্টের পর যুক্তরাজ্য সরকার ২১ হাজার আফগান ও তাদের পরিবারের সদস্যদের উদ্ধার করে নিয়ে গেছে।

তাদের কেউ কেউ দ্বৈত নাগরিক হলেও কেউ কেউ শুধু আফগানিস্তানের নাগরিকও ছিলেন। যারা যুক্তরাজ্যের বিভিন্ন সংবাদ সংস্থার হয়ে কাজ করতেন।

কিন্তু বিবিসি সেটা করেনি। কাদের নিয়ে আসা হবে, যখন এই তালিকা প্রস্তুত করা হয়, তখন বিবিসি কর্তৃপক্ষ তাদের কারও নাম উল্লেখ করেনি।

ওই আট সাংবাদিকের আইনজীবী এরিন আলোক বলেন, এক বছর ধরে তাদের আবেদনের কোনো জবাব দেওয়া হয়নি।

তিনি বলেন, ‘‘যুক্তরাজ্য যখন আফগানিস্তানের কাবুল থেকে লোকজনকে সরিয়ে নিচ্ছিল তখন বিবিসি থেকে আট সাংবাদিককে উদ্ধারের বিষয়ে কোনও আবেদন করা হয়নি। কারণ, তারা ওই সময় বিবিসিতে কর্মরত ছিলেন না।

‘‘তাই তাদের পেছনে ফেলে যাওয়া হয়। কিন্তু তারা একসময় যেসব কাজ করেছেন তা আফগানিস্তানে ব্রিটিশ সরকারের উদ্দেশ্যের পক্ষে গেছে। এবং ওই উদ্দেশ্য শুধুমাত্র সামরিক উদ্দেশ্য নয়। তারা আফগানিস্তানে গণতন্ত্রের বিকাশে কাজ করেছেন।”

২০২১ সালের অগাস্টে উদ্ধার তালিকায় জায়গা না পাওয়ার পর ওই আট সাংবাদিক নিজেরা যুক্তরাজ্য সরকারের কাছে তাদের উদ্ধার করে নিয়ে যাওয়ার আবেদন করেন।

এক বছর পর যখন তাদের আবেদনগুলি শেষ পর্যন্ত বিবেচনা করা হয়, তখন মন্ত্রীরা তাদের কাউকে পুনর্বাসন করতে অস্বীকার করেছিলেন। কারণ, কর্মকর্তারা এ সিদ্ধান্তে পৌঁছেছিলেন যে, তাদের কাজ সরাসরি যুক্তরাজ্য সরকারের কার্যক্রমের সাথে সংযুক্ত ছিল না।

কিন্তু সোমবার একজন বিচারক বলেন, তাদের আবেদন প্রত্যাখ্যান করার সময় তালেবান কীভাবে বিবিসি এবং বিবিসি’র সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিষয়ে ভাবছে তা বিবেচনায় নেওয়া হয়নি।

বিচারক যুক্তরাজ্য সরকারের প্রতি প্রশ্ন তুলে বলেন, কর্মীদের এই ঝুঁকি কী বিবেচনায় নেওয়া হয়েছে। ওই আট সাংবাদিককে যুক্তরাজ্য আসার অনুমতি দেওয়ার ক্ষেত্রে সেখানে ‘অবাস্তব কারণের চেয়েও বেশি কিছু আছে’।

এই রায়ের পর সোমবার বিচারককে ধন্যবাদ দিয়ে ওই আটজনের একজন বিবিসি-কে বলেন, ‘‘নিয়মিত আমাদের বাসা বদল করতে হচ্ছে...আমাদের সন্তানেরা ভিন্ন ভিন্ন স্কুলে পড়ছে। প্রতিদিনই তালেবান কর্তৃপক্ষ সাংবাদিক এবং মানবাধিকারকর্মীদের উপর নজর রাখছে। তারা বিবিসিকে শত্রু হিসেবে দেখে, অনেকটা গোয়েন্দা সংস্থার মত মনে করে।”

‘‘আমার মত দেশীয় সাংবাদিক যারা আন্তর্জাতিক প্রতিষ্ঠানের হয়ে কাজ করেছেন তালেবান প্রশাসন তাদের প্রতি খুবই কঠোর। আমাদের মতো যারাই যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমের হয়ে কাজ করেছেন তারা সবাই গুরুতর হুমকির মুখে আছেন। আমাদের বিষয়টি পুনরায় বিবেচনায় নিতে নির্দেশ দেওয়ায় আমি বিচারককে ধন্যবাদ দিতে চাই।”

বিবিসি জানায়, আদালতের নির্দেশের পর ব্রিটিশ মন্ত্রীরা এখন বিষয়টি পুনবিবেচনার জন্য ২১ দিন সময় পাবেন।

সরকারের একজন মুখপাত্র জানান, তারা বিষয়টি পুনর্বিবেচনার সিদ্ধান্ত নিয়েছেন। তবে ওই আট সাংবাদিককে উদ্ধার করে নিয়ে আসা হবে কিনা সে বিষয়ে তিনি কোনও ইঙ্গিত দিতে রাজি হননি।

আফগানিস্তানে এখনও তিনশ’র বেশি আফগান ও তাদের পরিবার যুক্তরাজ্য যাওয়ার অনুমতি পাওয়ার অপেক্ষায় রয়েছে।