যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার বিরুদ্ধে যুদ্ধ করছে না: মার্কো রুবিও
এবিসি নিউজ-কে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভেনেজুয়েলায় অভিযানের আগে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের অনুমোদন প্রয়োজন হয়নি। কারণ, এটি কোনও আগ্রাসন ছিল না।
যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার বিরুদ্ধে নয় বরং মাদক পাচার সংগঠনগুলোর বিরুদ্ধে যুদ্ধ করছে। ভেনেজুয়েলায় সামরিক হামলা চালানোর একদিন পরই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও একথা বলেছেন।
রোববার মার্কিন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় রুবিও একথা বলেন। এবিসি নিউজ-কে তিনি বলেন, ভেনেজুয়েলায় অভিযানের আগে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের অনুমোদন প্রয়োজন হয়নি। কারণ, এটি কোনও আগ্রাসন ছিল না।
শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলায় সামরিক হামলা চালিয়ে সুরক্ষিত ঘাঁটি থেকে মাদুরো ও তার স্ত্রীকে আটক করে তুলে নিয়ে যান। বহু দেশই এর নিন্দা জানিয়েছে এবং এ ঘটনা ‘আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন’ বলে সমালোচনা করছে।
এই নিন্দা-সমালোচনার মধ্যেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অভিযানের সাফাই দিয়ে এসব কথা বললেন। তিনি আশা প্রকাশ করে এও বলেন যে, মাদুরোকে সরিয়ে দেওয়ার ফলে ভেনেজুয়েলায় সুদিন আসবে।
তবে এক নাম্বার অভীষ্ট যুক্তরাষ্ট্রই থাকবে উল্লেখ করে রুবিও বলেন, তার দেশ ভেনেজুয়েলাকে পরীক্ষা করবে, দেখবে তারা এরপর কি করে। তারা (ভেনেজুয়েলা) যদি ঠিক সিদ্ধান্ত না নেয়, তাহলে যুক্তরাষ্ট্র তাদের স্বার্থ রক্ষায় স্বীয় উদ্দেশ্য সাধনের জন্য বিভিন্ন পথ খোলা রাখবে।
এর মধ্যে তেল কোয়ারেন্টিন আরোপর মতো পদক্ষেপও থাকতে পারে বলে তিনি উল্লেখ করেন। অর্থাৎ, যুক্তরাষ্ট্র মাদুরোকে আটক করার আগে যেসব বিকল্প হাতে রেখেছিল তার সবই বজায় থাকবে বলে ইঙ্গিত দিয়েছেন রুবিও।
ভেনেজুয়েলায় অন্তর্বর্তী প্রেসিডেন্ট রদ্রিগুয়েজকে দেশটির বৈধ শাসক মনে করেন কিনা- এ প্রশ্নের জবাবে রুবিও বলেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার শাসকগোষ্ঠীকে বৈধ বলে মনে করে না।
