জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা কোভিড আক্রান্ত
করোনাভাইরাস আক্রান্ত হওয়ায় প্রধানমন্ত্রীর তিউনিসিয়া সফর বাতিল হয়ে গেছে। সেখানে আফ্রিকার উন্নয়ন বিষয়ক একটি সম্মেলনে তার অংশ নেওয়ার কথা ছিল।
এক সপ্তাহের লম্বা ছুটি থেকে ফিরেই কোভিড-১৯ ‘পজিটিভ’ হয়েছেন জাপানের প্রধানমন্ত্রী ফিুমিও কিশিদা। বর্তমানে তিনি বাড়ি থেকে কাজ করছেন।
কিশিদার ঘনিষ্ঠ একজন রোববার বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানান। তিনি তার নাম প্রকাশ করতে রাজি হননি।
করোনাভাইরাস আক্রান্ত হওয়ায় প্রধানমন্ত্রী কিশিদার তিউনিসিয়া সফর বাতিল হয়ে গেছে। সেখানে আফ্রিকার উন্নয়ন বিষয়ে একটি গুরুত্বপূর্ণ সম্মেলনে তার অংশ নেওয়ার কথা ছিল।
কিশিদার মন্ত্রিসভার একজন মুখপাত্রও আলাদা ভাবে প্রধানমন্ত্রীর কোভিড আক্রান্ত হওয়ার খবর দেন। বলেন, গত শনিবার কিশিদার জ্বর এবং কাশি দেখা দেয়। রোববার পিসিআর পরীক্ষার মাধ্যমে জানা যায় তিনি কোভিড-১৯ ‘পজিটিভ’।
সোমবার থেকে তিনি বাড়িতে বসেই অফিস শুরু করছেন এবং অনলাইনে টোকিও ইন্টারন্যাশনাল কনফারেন্স অন আফ্রিকান ডেভেলপমেন্টে (টিআইসিএডি) যোগ দেবেন।
জুলাই ও অগাস্ট মাসে জাপানে আবারও কোভিড-১৯ সংক্রমণ বাড়তে শুরু করেছে।
