২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অরুণাচলে বিদ্যুৎকেন্দ্র নির্মাণের তোড়জোড় ভারতের, চীনের কড়া প্রতিক্রিয়া

ভারত যেখানে জলবিদ্যুৎকেন্দ্র গড়ার সিদ্ধান্ত নিয়েছে সে এলাকাটিকে চীন দক্ষিণ তিব্বত বলে দাবি করে। সেখানে ভারতের এমন পদক্ষেপে দু’দেশের মধ্যে উত্তেজনা ফের বাড়তে পারে।

বিডিনিউজ২৪

রয়টার্স

Published : 11 Jul 2024, 08:55 PM

Updated : 26 Aug 2026, 09:59 AM

সীমানা নিয়ে চীনের সঙ্গে চলমান বিরোধে মধ্যেই উত্তর-পূর্বাঞ্চলীয় অরুণাচল রাজ্যে ১২টি জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের তোড়জোড় শুরু করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। 

এ লক্ষ্যে সরকার প্রায় ১০০ কোটি ডলার ব্যয়ের পরিকল্পনা করেছে বলে জানিয়েছেন বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট দুই সরকারি কর্মকর্তা। 

ভারত যে জায়গায় এই বিদ্যুৎকেন্দ্র গড়ার সিদ্ধান্ত নিয়েছে সে এলাকাটিকে চীন দক্ষিণ তিব্বত বলে দাবি করে আসছে। সেখানে ভারতের এমন পদক্ষেপ দুই দেশের মধ্যে ফের উত্তেজনা বাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

চীন এরই ভারতের এই প্রকল্প নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। চীনা পররাষ্ট্রমন্ত্রণালয় বলেছে, চীন যে অঞ্চলকে দক্ষিণ তিব্বত বলে সেখানে উন্নয়ন কাজের কোনও অধিকার ভারতের নেই।

‘দক্ষিণ তিব্বত চীনের এলাকা,’ এক বিবৃতিতে বলেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। ওই এলাকায় উন্নয়ন করার কোনও অধিকার ভারতের নেই এবং চীনের ভূখণ্ডে ভারত যাকে অরুণাচল প্রদেশ বলে তা ‘অবৈধ এবং অকার্যকর’, বলা হয় বিবৃতিতে।

ভারতের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, সম্প্রতি ভারতের কেন্দ্রীয় সরকারের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ দেশের উত্তরপশ্চিমাঞ্চলে প্রতিটি জলবিদ্যুৎ প্রকল্পের জন্য ৭৫০ কোটি রুপি অনুমোদন করেছেন। আর এই প্রকল্পের আওতায় অরুণাচলের ১২টি বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য অনুমোদন করা হয়েছে প্রায় ৯ হাজার কোটি রুপি।

আগামী ২৩ জুলাই ভারতের লোকসভায় ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে এই প্রকল্পগুলোর জন্য অর্থ বরাদ্দের এই ঘোষণ আসতে পারে বলে মনে করা হচ্ছে। 

এই জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে নিয়ে আরও বিস্তারিত জানতে ভারতের অর্থ ও বিদ্যুৎ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হলে তাৎক্ষণিক কোনও সাড়া পাওয়া যায়নি। 

ভারত দাবি করে যে, তাদের প্রত্যন্ত রাজ্য অরুণাচল প্রদেশ দেশের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু চীন বলে, এটি দক্ষিণ তিব্বতের অংশ। তাই সেখানে ভারতের অবকাঠামো নির্মাণ প্রকল্পে তাদের আপত্তি আছে।

গত সপ্তাহে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর কাজাখস্তানে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে দেখা করেন। সেখানে উভয়ই দুই দেশের সীমান্তে সমস্যা সমাধানের চেষ্টা জোরদার করতে সম্মত হন।

ভারত ও চীনের মধ্যে আড়াই হাজার কিলোমিটার দীর্ঘ সীমান্ত আছে। এই সীমানার বেশিরভাগ অংশই ঠিকমত চিহ্নিত করা নেই। সীমান্ত নিয়ে দুই দেশের মধ্যে ১৯৬২ সালে যুদ্ধও হয়েছে।