১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণে একাধিক ব্যক্তি আহত

একজন প্রত্যক্ষদর্শী বিমানবন্দরের ভেতরে একটি বিস্ফোরণ ঘটতে ও তার আঘাতে একাধিক ব্যক্তিকে মাটিতে পড়ে থাকার কথা জানিয়েছেন।

রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণে একাধিক ব্যক্তি আহত

রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি: আশরাক আল-আওসাত

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 10 Oct 2026, 10:39 PM

Updated : 10 Oct 2026, 10:39 PM

সৌদি আরবের রাজধানী রিয়াদের বাদশা খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে এক বিস্ফোরণের ঘটনায় একাধিক ব্যক্তি আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের ও ঘটনার বিষয়ে অবগত দুই ব্যক্তির বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, বিমানবন্দরের বিভিন্ন অংশ থেকে ভ্রমণকারীদের সরিয়ে নেওয়া হয়েছে।

একজন প্রত্যক্ষদর্শী বিমানবন্দরের ভেতরে একটি বিস্ফোরণ ঘটতে ও তার আঘাতে একাধিক ব্যক্তিকে মাটিতে পড়ে থাকার কথা জানিয়েছেন। বিস্ফোরণের পর এক ডজনেরও বেশি অ্যাম্বুলেন্স ঘটনাস্‌থলে উপস্থিত হয়।

এ ঘটনার বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে সৌদি আরবের তথ্য মন্ত্রণালয় ও দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।

সৌদি আরবে ইয়েমেনের ইরান সমর্থিত হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে উত্তেজনা চলছে, তার মধ্যেই এ ঘটনার খবর এল। এক সপ্তাহের মধ্যে খালিদ বিমানবন্দর দুইবার হামলার শিকার হয়েছে আর তাতে চারজন নিহত ও আরও অনেকে আহত হয়েছেন। একটি উড়োজাহাজও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফ্লাইট ট্র্যাকিং সাইট ফ্লাইটরাডার২৪ দেখিয়েছে, রিয়াদগামী সব ফ্লাইট হয় বাতিল করা হয়েছে অথবা অন্য বিমানবন্দরে পাঠিয়ে দেওয়া হয়েছে। একপর্যায়ে শুধু একটি হেলিকপ্টার বিমানবন্দরটির উপর চক্কর দিচ্ছিল।

বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের সরাসরি তাদের এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করতে বলেছে আর রওনা হওয়ার আগে তাদের ফ্লাইটের অবস্থা জেনে নেওয়ার অনুরোধ করেছে।

কুয়েত বিমানবন্দর জানিয়েছে, তারা সৌদি আরবের রাজধানীমুখি ও সেখান থেকে বহির্মুখি ফ্লাইট বাতিল করেছে। এর কারণ হিসেবে তারা সেখানে ‘নিরাপত্তা পরিস্থিতির’ কারণে বিয়াদ বিমানবন্দর বন্ধ থাকার কথা জানিয়েছে।

এর আগেই ইত্তিহাত এয়ারওয়েজ ও কাতার এয়ারওয়েজ তাদের নিজ নিজ বিমানবন্দর থেকে রিয়াদগামী সব ফ্লাইট বাতিল করে। বাতিল করা সূচীর মধ্যে সোমবারের কিছু ফ্লাইটও আছে।

হুতিরা বৃহস্পতিবার ও এর আগেও আরেকবার রিয়াদের বাদশা খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছিল। হুতিরা বলেছে, এয়ারলাইন্সগুলোর উচিত সৌদি আরবের আকাশপথ এড়িয়ে যাওয়া। এই আকাশপথকে একটি সামরিক জোন বলে ঘোষণা করেছে তারা।