ইরানে যুদ্ধের শুরু থেকে তিন হাজারের বেশি মানুষ নিহত
যুক্তরাষ্ট্র-ভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি ইরান যুদ্ধে সামরিক ও বেসামরিক মৃত্যু মিলে নিহতের এই পরিসংখ্যান জানিয়েছে।
গত ২৮শে ফেব্রুয়ারিতে ইরানে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় এ পর্যন্ত তিন হাজারের বেশি মানুষ নিহত হয়েছে।
ইরানের ফরেনসিক মেডিসিন সংস্থার প্রধান আব্বাস মাসজেদি আরানির উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির গণমাধ্যম।
যুক্তরাষ্ট্র-ভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ) জানায়, যুদ্ধে গত ৭ এপ্রিল পর্যন্ত অন্তত ২৫৪ জন শিশুসহ ১ হাজার ৭০১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।
এছাড়াও যুদ্ধ শুরুর পর থেকে ১,২২১ জন সামরিক সদস্য নিহত হয়েছে এবং আরও ৭১৪ জনের মৃত্যুর তথ্য আছে, যেগুলো শ্রেণিবিন্যাস করা হয়নি বলে জানিয়েছে সংস্থাটি।
ইরান যুদ্ধে সামরিক ও বেসামরিক মানুষের মৃত্যুর চড়া মূল্যকেই সামনে নিয়ে এসেছে এই পরিসংখ্যান। নিহতদের ৪০ শতাংশের মরদেহ শনাক্ত করার জন্য ফরেনসিক পরীক্ষার প্রয়োজন হয়েছে।
নিহতদের ডিএনএ ও অন্যান্য পরীক্ষার মাধ্যমে শনাক্ত করে তাদের পরিবারের কাছে হস্তান্তরের কাজ চালিয়ে যাচ্ছে ফরেনসিক মেডিসিন সংস্থা।
যুদ্ধে ব্যাপক প্রাণহানি ছাড়াও হাজার হাজার মানুষ আহত হয়েছে এবং বিপুল সংখ্যক মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
তাছাড়া, ইন্টারনেট বন্ধ থাকার কারণে ইরান থেকে তথ্য সংগ্রহ কঠিন হওয়ায় নিহতের প্রকৃত সংখ্যা নিয়েও তারতম্য আছে।
