ক্যাম্বোডিয়ায় একতরফা নির্বাচন, সব আসনেই জয়ের আশা ক্ষমতাসীন দলের
প্রধানমন্ত্রী হুন সেন গত ৩৮ বছর ধরে ক্ষমতায়। গত মে মাসে দেশটির একমাত্র নির্ভরযোগ্য বিরোধীদলকে অযোগ্য ঘোষণা করা হয়।
শক্তিশালী কোনো বিরোধী দল ছাড়াই ক্যাম্বোডিয়ার ‘একতরফা’ জাতীয় নির্বাচনে বড় জয় দাবি করেছে দেশটির দীর্ঘদিনের প্রধানমন্ত্রী হুন সেনের ক্যাম্বোডিয়ান পিপলস পার্টি (সিপিপি)।
দলটি ১২৫ আসনের পার্লামেন্টে কতটি আসন পেতে চলেছে সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া না গেলেও তারা সবগুলো আসনেই জয়লাভের আশা প্রকাশ করেছে।
সিপিপি-র মুখপাত্র সোক ইসান বলেন, “আমরা বিশাল জয় পেয়েছি…তবে আমরা এখনো কতটি আসন পেয়েছি তা গণনা করে উঠতে পারিনি।”
প্রধানমন্ত্রী হুন সেন গত ৩৮ বছর ধরে ক্ষমতায়। গত মে মাসে দেশটির একমাত্র নির্ভরযোগ্য বিরোধীদলকে অযোগ্য ঘোষণা করা হয়।
এরপর থেকে হুন সেনকে চ্যালেঞ্জ করার মতো কোনও রাজনৈতিক দল সেখানে নেই। সেকারণে সমালোচকরা এ ভোটকে প্রহসন আখ্যা দিয়েছেন। রোববার সকাল থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে।
নমপেনের এক ভোটার এ সপ্তাহের শুরুর দিকে বিবিসি-কে বলেছিলেন “এটি কারচুপির নির্বাচন, কারণ এখানে কোনও শক্তিশালী বিরোধী দল নেই।”
যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোও ক্যাম্বডিয়ায় সুষ্ঠু নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। জনগণকে যেখানে প্রার্থী বাছাইয়েরই সুয়োগ দেওয়া হচ্ছে না, সেখানে সম্ভাব্য সর্বোচ্চ ভোট নিশ্চিত করতে সরকার নির্বাচন বর্জন বা ব্যালট পেপার নষ্ট করার কোনওরকম চেষ্টাকে অপরাধ বলে ঘোষণা করেছে।
এবছর বিরোধী আইনপ্রণেতারা তাদের ওপর সহিংস হামলার খবর জানিয়েছেন। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, সরকার নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক বিরোধীদের ভয়ভীতি দেখাচ্ছে, নির্বিচারে গ্রেপ্তারও করছে।
মে মাসে সরকার প্রধান বিরোধী দল ক্যান্ডেললাইট পার্টিকে কৌশলে নির্বাচনে অযোগ্য ঘোষণা করে। ক্যাম্বোডিয়ার জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে, দলটির কিছু কাগজপত্র নেই।
অথচ গতবছর স্থানীয় নির্বাচনে এসব কাগজপত্রের কোনও প্রয়োজন পড়েনি। ওই নির্বাচনে দলটি ২২ শতাংশ ভোট পেয়েছিল। বিশ্লেষকরা বলছেন, প্রধানমন্ত্রী হুন সেন তার শাসনের জন্য দলটিকে সম্ভাব্য হুমকি হিসাবেই দেখছেন।
এবছরের শুরুর দিকে নেতৃস্থানীয় বিরোধী দলীয় ব্যক্তিত্ব কেম সোখাকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে ২৭ বছরের কারাদণ্ড দেওয়া হয় এবং দেশের মূল সংবাদমাধ্যম ভয়েস অব ডেমোক্র্যাসি বন্ধ করা হয়।
হুন সেন তার বড় ছেলে হুন মানেটের হাতে ক্ষমতা হস্তান্তরের সুস্পষ্ট সংকেত দেওয়ার পর দেশটিতে নির্বাচন হল। সম্ভবত কয়েক সপ্তাহের মধ্যেই এই ক্ষমতা হস্তান্তর ঘটবে।
ক্যাম্বোডিয়ার প্রতিরক্ষা প্রধান প্রধান হুন মানেট তার বাবার পাশাপাশি সিপিপি’র প্রচারাভিযানে নেতৃত্ব দিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, হুন সেন ক্রমেই একনায়ক শাসক হয়ে উঠছেন।
রোববারের নির্বাচনে ক্যাম্বোডিয়ার ক্ষমতাসীন সিপিপি-র পাশাপাশি ১৭টি ছোট দল অংশ নিয়েছে। সিপিপিকে চ্যালেঞ্জ করার সক্ষমতা এ দলগুলোর নেই।
তাছাড়া, ক্যাম্বোডিয়ায় অর্থনৈতিক অনিশ্চয়তা বিরাজ করার মধ্যে এই নির্বাচন অনুষ্ঠিত হল। স্থানীয় মানুষেরা বাড়তে থাকা ঋণ, বেতন না বাড়া এবং জ্বালানির দাম বৃদ্ধি নিয়ে সংগ্রামের মধ্যে থাকার অভিযোগ জানাচ্ছে।
