২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়েমেনে যুদ্ধবিরতির স্বপ্ন দেখাচ্ছে সৌদি-হুতি আলোচনা

ওমানের মধ্যস্থতায় সানায় রিয়াদ ও হুতি বিদ্রোহীদের মধ্যে এ বৈঠক হয়।

ইয়েমেনে যুদ্ধবিরতির স্বপ্ন দেখাচ্ছে সৌদি-হুতি আলোচনা

ইয়েমেনের রাজধানী সানার আকাশে হুতিদের একটি সামরিক হেলিকপ্টার। ফাইল

নিউজ ডেস্ক

Published : 09 Apr 2023, 09:03 PM

Updated : 09 Apr 2023, 09:04 PM

ইয়েমেনের ‍সানায় পৌঁছেছে সৌদি আরবের একটি প্রতিনিধি দল। তারা সেখানে হুতি বিদ্রোহী নেতাদের সঙ্গে আলোচনা করেছেন। যে আলোচনা ইয়েমেনে আট বছর পুরনো গৃহযুদ্ধ অবসানে একটি স্থায়ী যুদ্ধবিরতি চুক্তির স্বপ্ন দেখাচ্ছে।

রিয়াদ ও হুতি বিদ্রোহী নেতাদের মধ্যে এ আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকায় রয়েছে ওমান। ২০১৫ সালে ইরান ঘনিষ্ঠ হুতি বিদ্রোহীরা অভ্যুত্থানের মাধ্যমে তৎকালীন ইয়েমেন সরকারকে উৎখাত করে রাজধানী সানার দখল নেয়।

ওই সময়ে আঞ্চলিক প্রভাবশালী দেশে সৌদি আরব ইয়েমেন সরকারের পক্ষ নেয় এবং সৌদি আরবের নেতৃত্বে ইয়েমেনের সরকারি বাহিনী হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়।

তারপর থেকে ইয়েমেনে যুদ্ধ চলছে। যে যুদ্ধ হাজার হাজার মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। গৃহহীন হয়েছে লাখ লাখ মানুষ। দেশটির ৮০ শতাংশ মানুষ এখন বৈদেশিক ত্রাণের উপর নির্ভর করে বেঁচে আছে।

স্থায়ী যুদ্ধবিরতি হলে সৌদি আরব ইয়েমেন থেকে তাদের সামরিক হস্তক্ষেপ প্রত্যাহার করে নেবে।

রোববার হুতি বিদ্রোহী নিয়ন্ত্রিত একটি সংবাদ মাধ্যম থেকে সৌদি আরব ও ওমানের প্রতিনিধি দলের সানায় পৌঁছানোর খবর জানানো হয়। যদিও রিয়াদের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি।

তবে অনলাইনে ফাঁস হওয়া একটি ছবিতে হুতি বিদ্রোহীদের নেতা মোহাম্মদ আলি আল-হুতিকে একজন সৌদি কর্মকর্তার সঙ্গে করমর্দন করতে দেখা যাচ্ছে। যদিও ছবিতে সৌদি কর্মকর্তার মুখ অস্পষ্ট।

শেষ পর্যন্ত ইয়েমেনে যুদ্ধের অবসান ঘটাতে পারে এমন একটি চুক্তিতে পৌঁছাতে উভয় পক্ষের ইচ্ছার আরেকটি উল্লেখযোগ্য চিহ্ন হিসাবে এই বৈঠককে স্বাগত জানানো হয়েছে।

যদিও এখন পর্যন্ত নাম প্রকাশে করে কেউ চুক্তির বিষয়ে কোনও কথা বলেননি। তবে একাধিক সূত্র থেকে জানা গেছে, ধর্মীয়ভাবে মুসলমানদের কাছে পবিত্র রমজান মাসের মধ্যেই উভয় পক্ষের মধ্যে যুদ্ধবিরতি বিষয়ে একটি চুক্তি সই হতে পারে।

চুক্তিতে কী কী শর্ত থাকতে পারে এ বিষয়ে কিছুই জানা যায়নি।

ওমান কয়েক বছর ধরেই প্রতিবেশী ইয়েমেনে বিবদমান পক্ষগুলো মধ্যে বিরোধ মীমাংসা করে সেতু গড়তে চেষ্টা চালিয়ে আসছে; যে বিবাদমান পক্ষগুলোর সঙ্গে ইরান, সৌদি আরবের মতো আঞ্চলিক শক্তি ও যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তি জড়িয়ে আছে।

ইয়েমেন একটি স্থায়ী যুদ্ধবিরতি হলে তা মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা প্রতিষ্ঠায় একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে।

সম্পর্ক পুনর্স্থাপনে গত মাসে চীনের মধ্যস্থতায় সৌদি আরব ও ইরান একটি চুক্তি সই করার পর দুই পক্ষের মধ্যকার বছরের পর বছর ধরে চলে আসা বৈরিতা ও ইয়েমেনসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংঘাতে একে অপরের বিরোধী পক্ষকে সমর্থন দেওয়াসহ সম্পর্কের ফাটল যে ধীরে ধীরে জোড়া লাগছে, এই পদক্ষেপ সেই সংকেতই দিচ্ছে বলে ধারণা পর্যবেক্ষকদের।