২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরান যুদ্ধের খরচ মেটাতে ট্রাম্পের দেড় ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বাজেট প্রস্তাব

কংগ্রেসে অনুমোদন পেলে এটিই হবে যুক্তরাষ্ট্রে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে সামরিক খাতে সর্বোচ্চ মাত্রার ব্যয়বৃদ্ধি।

ইরান যুদ্ধের খরচ মেটাতে ট্রাম্পের দেড় ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বাজেট প্রস্তাব
ডনাল্ড ট্রাম্প। রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2026, 12:21 AM

Updated : 26 Aug 2026, 03:18 PM

চলমান ইরান যুদ্ধের বাড়তে থাকা খরচ সামলাতে ২০২৭ অর্থবছরের জন্য দেড় ট্রিলিয়ন (১,৫০০০০ হাজার কোটি) ডলারের বিশাল প্রতিরক্ষা বাজেট আইনপ্রণেতাদের কাছে প্রস্তাব করেছে হোয়াইট হাউজ।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প কংগ্রেসকে এই বাজেট অনুমোদনের অনুরোধ জানাবেন। হোয়াইট হাউজ শুক্রবার এই বাজেট প্রস্তাবের নথি প্রকাশ করেছে। 

কংগ্রেসে অনুমোদন পেলে তা হবে যুক্তরাষ্ট্রে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে সামরিক খাতে সর্বোচ্চ মাত্রার ব্যয়বৃদ্ধি।

হোয়াইট হাউজের প্রকাশ করা নথিতে বলা হয়েছে, “২০২৬ সালের সার্বিক প্রতিরক্ষা বাজেট ১ ট্রিলিয়ন ( ১ লাখ কোটি) ডলার থেকে ৪২ শতাংশ বাড়িয়ে ২০২৭ অর্থবছরের জন্য ১ দশমিক ৫ ট্রিলিয়ন (১,৫০০০০ হাজার কোটি)  ডলার করার অনুরোধ জানানো হয়েছে।”

প্রতিরক্ষা বাজেট এত বেশি বাড়াতে গিয়ে অসামরিক অভ্যন্তরীন বিভিন্ন খাতে আগামী অর্থবছরের জন্য খরচ প্রায় ১০ শতাংশ কাটছাঁট করে প্রতিরক্ষাব্যয় ৫০০ বিলিয়ন (৫০ হাজার কোটি) ডলার বাড়ানোর প্রস্তাব দিয়েছেন ট্রাম্প। 

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ পঞ্চম সপ্তাহে গড়ানোর পর ওয়াশিংটনের ওপর বাড়তে থাকা অর্থনৈতিক চাপের মুখে ট্রাম্প প্রতিরক্ষাবাজেট বাড়ানোর এই প্রস্তাব দিলেন।

কংগ্রেসের রুদ্ধদ্বার ব্রিফ্রিংয়ের উল্লেখ করে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে বলা হয়েছে, ইরান যুদ্ধে দিনে ২০০ কোটি (২ বিলিয়ন) ডলার পর্যন্ত খরচ হতে পারে।

রিপাবলিকান নেতারা বিশাল প্রতিরক্ষা বাজেটের প্রস্তাবে ইতিবাচক সাড়া দিলেও ট্রাম্পের নিজ দলের ভেতরেই এই পরিকল্পনা বিরোধিতার মুখে পড়তে পারে। 

কারণ, কয়েকজন আইনপ্রণেতা কেন্দ্রীয় সরকারের ক্রমবর্ধমান ঘাটতি নিয়ে উদ্বিগ্ন। বর্তমানে যুক্তরাষ্ট্রের বার্ষিক বাজেট ঘাটতি ২ ট্রিলিয়ন (২ লক্ষ কোটি) ডলারের কাছাকাছি এবং মোট ঋণ ৩৯ ট্রিলিয়ন (৩৯ লক্ষ কোটি) ডলার ছাড়িয়ে গেছে।